স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নার ২০০৯ সাল থেকে খেলছেন আইপিএলে। অসংখ্য খেলোয়াড়ের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছেন তিনি। সেখান থেকে অস্ট্রেলিয়ান ওপেনার বেছে নিয়েছেন তার আইপিএলের সেরা একাদশ।
লকডাউনের এই সময়ে ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকবাজের হয়ে ধারাভাষ্যকার হার্শা বোগলে সাক্ষাৎকার নিয়েছেন ওয়ার্নারের। সেখানেই তিনি বেছে নিয়েছেন তার সেরা আইপিএল একাদশ। অনেক চমকপ্রদ নাম যেমন দলে রেখেছেন, তেমনি আবার বাদ দিয়েছেন বড় মাপের খেলোয়াড়দের।
যার মধ্যে সবার আগে আসবে লাসিথ মালিঙ্গা ও শেন ওয়াটসনের নাম। আইপিএল ইতিহাসে বোলিং ও ব্যাটিং বিভাগে এই দুই তারকার নাম আলাদাভাবে লেখা আছে। সাবেক অস্ট্রেলিয়ান সতীর্থ ওয়াটসন কতটা কার্যকর, সেটি ওয়ার্নারের খুব ভালো করে জানা। তার দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০১৮ সালের ফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছিলেন ওয়াটসন।
মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড ও কলকাতার রাসেলকে না রাখাটাও বিস্ময়কর। তাছাড়া ওয়ার্নার তার একাদশে রাখেননি যুবরাজ সিংকেও। এমনকি গত বছর হায়দরাবাদের জার্সিতে ওপেনিংয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে দুর্দান্ত সব জুটি গড়লেও ইংলিশ ক্রিকেটারকেও বাইরে রেখেছেন।
ওয়ার্নারের সেরা আইপিএল একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরা, আশীষ নেহরা, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।


