ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসহায় দরিদ্র-দুস্থ পরিবারগুলোর। দিনমজুর-শ্রমিক শ্রেণীর লোকদের এখন এক বেলা খাবার সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। সরকারী ত্রাণও অনেকে পাচ্ছে না। করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউনের ফলে বেকার হয়ে পড়েছে প্রায় অর্ধেক বেশি মানুষ। কিন্তু মানুষ মানুষের পাশে দাড়াবে এটাই মানবতা। বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রেটিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এই অসহায় মানুষ যেন চিকিৎসা ও খাদ্যের অভাবে না পড়েন সেই লক্ষ্যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থ জোগাড় করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তা পৌঁছে দিতে বদ্ধপরিকর মার্ক জুকারবার্গের সংস্থা।
এবার ফেসবুকের ভার্চুয়াল কনসার্টে শামিল বিরাট কোহলি, রোহিত শর্মারাও। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু লাইভ কনসার্ট। সাড়ে চার ঘণ্টা ধরে ভার্চুয়াল কনসার্ট মাতাবে বলিউড তারকারা।
লাইভ কনসার্টে পারফরম্যান্স করবেন- সুপারস্টার শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, মাধুরি দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মতো তারকারা লাইভ পারফর্ম করবেন। এআর অরিজিৎ সিং, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের মতো গায়ক-গায়িকাদের পারফরম্যান্স দেখা যাবে ঘরে বসেই।
তারকাদের সঙ্গে এই মহৎ কাজে এবার শামিল হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মাও। লকডাউনের মধ্যে এমন আয়োজন ইতিমধ্যেই ভারতজুড়ে সাড়া ফেলে দিয়েছে।
ভারতীয় দলের অধিনায়ক সবাইকে এই আয়োজনের সাক্ষী হবার আহ্বান জানান। কোহলি ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, সপ্তাহ দুয়েক আগে থেকেই দেশের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন করছি। লকডাউনে বাড়িতে থাকা মানুষগুলির জন্যই এই বিশেষ উদ্যোগ। পাশাপাশি এর মধ্যে দিয়ে করোনা-যোদ্ধাদেরও কুর্নিশ জানানো হবে। আর কনসার্ট থেকে জোগাড় হওয়া অর্থ দুস্থদের প্রয়োজনে ব্যবহার করা হবে। কিন্তু অনুষ্ঠানের ক’দিন আগেই আমরা দুই তারকাকে হারালাম। ইরফান খান ও ঋষি কাপুর। জীবনটা এমনই। কিন্তু আমাদের কাজটা আমাদের করে যেতেই হবে। তাই সকলে একজোট হয়ে গলা মেলাব। লড়ব করোনার বিরুদ্ধে। আপনারাও এগিয়ে আসুন। অনুদান দিন। (সূত্র: সংবাদ প্রতিনিধি)


