স্পোর্টস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্বের ক্রীড়াঙ্গন। এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকটি সিরিজ বাতিল হয়েছে। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়া কথা রয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিয়ে এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দেশের কর্তাদের মধ্যে চলছে আলোচনা। ইতিবাচক কোন সিদ্ধান্তই নিতে চায় তারা। তবে যেকোন সিদ্ধান্ত নেয়ার আগে বিবেচনা করা হবে সরকারি নির্দেশনাও।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা নিয়মিতই শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করছি। সফরটি ব্যাপারে আমাদের মধ্যে কথা চলছে। তবে এ মুহূর্তে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’
করোনা পরিস্থিতি মোকাবিলায় উপমহাদেশের অন্যান্য সব দেশের তুলনায় বেশ সফল শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত দেশটিতে ৬৪৯ জন আক্রান্ত হয়েছে এ ভাইরাসে, সুস্থ হয়ে গেছেন ১৩৬ জন। করোনা পরিস্থিতির এ ইতিবাচক খবরই মূলত সফরের ব্যাপারে আশাবাদী করছে বিসিবিকে।


