ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে বিশ্বের প্রায় সব দেশে। এই মহামারি পরিস্থিতিতে একের পর এক লিগ বাতিল হচ্ছে। এবার বাতিল হলো ফরাসি লিগ ওয়ান। এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না নেইমার-এমবাপ্পেদের। শুধু ফরাসি লিগ ওয়ানই নয়। বাতিল হয়েছে ফ্রান্সের লিগ টু টুর্নামেন্টের চলতি মৌসুমের সব ম্যাচ।
২০১৯-২০২০ ক্রীড়া মৌসুম শেষ সাফ জানিয়েছে ফরাসি প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ। ফ্রান্সে সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের ক্রীড়া আসর নিষিদ্ধ করেছে দেশটির সরকার। দর্শকশূণ্য মাঠেও খেলা আয়োজন করা যাবে না।
যদিও ১১ মে ফ্রান্সজুড়ে লকডাউন শিথিল করা পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী ফিলিপ। তাই ফরাসি ফুটবলের অভিভাবক সংস্থা ১৭ জুন থেকে চলতি মৌসুমের খেলা পুনরায় শুরু করতে চেয়েছিল।
তবে এখনো নিশ্চিত নয় যে চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই লিগ বাতলি করবে কিনা। অথবা বর্তমান পয়েন্ট টেবিলের ভিত্তিতেই সিদ্ধান্ত নিবে তারা। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরাসি লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্সেইয়ের চেয়ে পরিষ্কার ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে। এখনো দশ রাউন্ডের খেলা বাকি। সঙ্গে বাকি আগের রাউন্ডের একটি ম্যাচ।


