স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। ফুটবলারদের সুরক্ষার কথা ভেবে শীর্ষ পাঁচটি ফুটবল লিগও বন্ধ করে দেওয়া হয়।
করোনার এই পরিস্থিতিতে ফুটবল প্রেমীদের সুখবর দিলেন জার্মান ফুটবল ফেডারেশন। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা আগামী মাসেই শুরু করার ব্যাপারে পরিকল্পনা করছে তারা। কিন্তু সবার সুরক্ষার কথা ভেবে ফাঁকা স্টেডিয়ামেই ম্যাচ আয়োজন করতে চাইছে তারা।
জার্মানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দেড় লাখের মতো। আর মারা গেছেন ৫,৩৩৪জন। তবে দেশটিতে করোনাভাইরাস এখন আগের চেয়েও অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে।
সম্প্রতি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জানিয়েছিলেন, তাদের দেশে করোনাভাইরাস এখন প্রায় নিয়ন্ত্রণে। স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম তারা এখন শুরু করার অপেক্ষায়।
মেরকেলের এমন মন্তব্যের পর ফুটবল ফেডারেশন নড়েচড়ে বসেছে ফুটবল লিগ আবারও শুরু করার জন্য। জার্মানির শীর্ষ ৩৬টি ক্লাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় কিভাবে লিগ পুনরায় শুরু করা যায় তা নিয়ে আলোচনা করেন। জার্মান দৈনিক বিল্ডের বরাতে জানা যাচ্ছে, সে সভা শেষে জার্মান ফুটবল ফেডারেশন ৪১ পৃষ্ঠার একটি পরিকল্পনা তৈরি করে। যা পরে ফাঁস হয়ে যায়। সেখান হতে জানা যায় ঝুঁকি নিয়ে হলেও সামনের মাসের ৯ বা ১৬ মে লিগ শুরু করার লক্ষ্য রয়েছে তাদের।


