স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপ মাতিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ব্যাটটি করোনাভাইরাসে দু:স্থদের সহায়তার জন্য নিলামে তুলেছেন তিনি। গতকাল রাতেই সাকিব বিষয়টি নিশ্চিত করেছন। আজ বুধবার দুপুর থেকে ব্যাটটি নিলামে তোলা হয়, চলবে রাত ১১টা পর্যন্ত।
সাকিব আল হাসানের ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে সর্বচ্চো দরদাতাকে বিজয়ী ঘোষণা করা হবে। ব্যাট বিক্রির সম্পূর্ণ টাকাই যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। এই অর্থ অসহায়, দু:স্থদের জন্য ব্যয় করা হবে।
সাকিব বলেছিলেন, ‘আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ব্যাটের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং, এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই। নিলামের ব্যাপারে পরে অনলাইনে আসব এবং বিস্তারিত কথা হবে। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থ মানুষদের সহযোগিতা করা হবে।‘
এই ব্যাটটি দিয়ে ২০১৯ বিশ্বকাপে চোখ ধাঁধানো নৈপুণ্য দেখান সাকিব। আট ম্যাচে ৩৬.২৭ গড়ে নেন ১১ উইকেট। ব্যাটিংয়ে ৬০৬ রান করেন অতিমানবীয় ৮৬.৫৭ গড়ে। সেঞ্চুরি ছিল দুটি, হাফসেঞ্চুরি পাঁচটি। কেবল একটি ম্যাচেই হাফসেঞ্চুরি করার আগে আউট হন তিনি।


