স্পোর্টস ডেস্ক: মাঠে নেই খেলা, হচ্ছে না অনুশীলনও। কিন্তু তাই বলে ভবিষ্যতের কথা না ভাবলে কি হয়? করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ফের নামতে হবে মাঠে, সে চিন্তা থেকেই অভিনব এক ব্যবস্থাই নিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল।
ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপের মতে, সেলফ আইসোলেশনে থেকে সেরা বিষয় হলো ইন্টারনেটের মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে। একইসঙ্গে এটিও জানিয়েছেন, কেউ যদি ভিডিও কল ধরতে দেরি করে, তাহলে তার জন্য জরিমানার ব্যবস্থাও করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন কনফারেন্স সফটওয়্যার জুমের মাধ্যমে দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন ক্লপ। অনলাইন ভিডিও কনফারেন্সকে অন্যান্য স্বাভাবিক ট্রেনিং সেশনের মতোই গুরুত্ব দিচ্ছেন তিনি। যে কারণে কেউ এতে দেরি করলেই দিতে হবে জরিমানা।
করোনার কারণে খেলা বন্ধ হওয়ার আগে নিশ্চিত শিরোপার দিকে এগুচ্ছিল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ছিল ২২, আর মাত্র ২টি জয় হলেই আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত হয়ে যেত ক্লপের শিষ্যদের।


