পুলিশ-ডাক্তারদের দিকে তাকিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখুন: মাশরাফি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ১১:২০ এএম
স্পোর্টস ডেস্ক: সারা বিশ্ব লকডাউনে। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। আর এমন পরিস্থিতিতে সর্বক্ষণিক বাইরে থাকতে হচ্ছে জরুরি সেবায় নিয়োজিত মানুষদের। যাদের মধ্যে পুলিশ অন্যতম। তাদের এই আত্মত্যাগ হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে পুলিশদের নিয়ে একটি স্ট্যাটাস দেন মাশরাফি। একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে পরিশ্রমে ক্লান্ত একজন পুলিশ একটি চেয়ারে ঝিমুচ্ছেন।
মাশরাফির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেকগুন। দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন আর সায় দেয় না, তখন মশার কামড়, গরম সব কিছুর কাছে হয়তো হার মেনে যান। বসার কিছু একটা পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট হতো না।
মহান আল্লাহ্ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষগুলো ভালো থাকেন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’


