টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বার অব কমার্সের বিশেষ সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেম্বার অব কমার্সের বিশেষ সভা
নারায়ণগঞ্জের চাষাঢ়া সায়েম প্লাজায় দোকানে থেকে টেনে বের করে কসমেটিকস ব্যবসায়ী হাসান ইমামকে পেটানোর ঘটনায় বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ সভা ডেকেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীরা। মারধরের শিকার হাসান ইমাম নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি। ফুটপাতে হকারবসানো, চাঁদাবাজি, নৈরাজ্য, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, মারধরসহ অজস্র অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে।
চেম্বারের এই সভায় এইসব বিষয়ে ব্যবস্থা নিতে ক্ষোভ উগরে দিতে পারেন। একই সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, উগ্রস্বভাবের বিএনপি নেতা টিপুর কাছে ব্যবসায়ী সমাজ যে নিরাপদ না, সেটি ব্যবসায়ী হাসান ইমামকে দোকান থেকে বের করে পেটানোর ঘটনায় প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে নিজের ঘরের মতো।
হাসান ইমামকে দোকান থেকে নয়, যেন ঘর থেকে বের করে পিটিয়েছেন এই বিএনপি নেতা। এই আঘাত নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীকে মর্মাহত করেছে। তাদের মধ্যেও নিরাপত্তাহীনতা কাজ করছে। চেম্বারের সভায় ব্যবসায়ীরা তাদের সেই উদ্বেগের কথাই তুলে ধরবেন। বিএনপির হাইকমান্ডকে মহানগরের এই উগ্র বিএনপি নেতার অপকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করবেন এবং ব্যবস্থা নেয়ার দাবি জানাবেন। যদি এতেও কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ব্যাপক পরিসরে কর্মসূচি ঘোষণার দাবি জানাবেন ব্যবসায়ীরা।
দোকান থেকে টেনে বের করে সন্ত্রাসী হামালার ঘটনায় নিয়ে ইতিমধ্যে ব্যবসায়ী সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শীর্ষ পদে থাকা টিপুর অহেতুক এমন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উঠছে নানা প্রশ্ন। এদিকে টিপুর এমন কাণ্ডে দোকান মালিক সমিতির একাধিক সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তারা বলছেন, মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে টিপুর নেতৃত্বে এমন সন্ত্রাসী হামলার ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এই বিএনপি সরকারের নেতাদের কাছে কী ব্যবসায়ীরা নিরাপদ নন। ট্যাগিং করে এমন অরাজকতা ছড়ালে ব্যবসায়ীদের ব্যবসা ছেড়ে দিতে হবে। তারা এমন সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবি করেছেন।


