নাসির হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম
নাসির হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ
ফতুল্লার ডিশ ব্যবসায়ী নাসির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা| এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা|
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিহত নাসিরের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন ফতুল্লার চানমারী এলাকার বাসিন্দারা| পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রত্যাহার করা হয় অবরোধ| এরপর স্বাভাবিক হয় যান চলাচল|
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফতুল্লার চানমারী এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের কাছেই প্রকাশ্যে মাদক কারবার চললেও নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা| নাসির হত্যাকাণ্ডের পরও গ্রেপ্তার করা হয়নি জড়িতদের সবাইকে| অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা|
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, নাসির হত্যা মামলায় এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে| বাকি আসামিরা পলাতক রয়েছেন| তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|
গত ১৪ মে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস কেবল ডিশ লাইনের কার্যালয়ের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন নাসির| তিনি ওই এলাকার মৃত সাউজ উদ্দিনের ছেলে| ঘটনার দিন রাতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা|


