মৌলিক সেবা না দিয়ে নতুন কর আরোপ সম্পূর্ণ জনস্বার্থবিরোধী উল্লেখ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পরিবেশ আন্দোলন নারায়ণগঞ্জের সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আবাসিক নলকূপের রেজিস্ট্রেশন ও পানির কর বাতিল সহ ৬ দফা দাবীতে গতকাল নাগরিক সমাবেশে তিনি বলেন, সাখাওয়াত সাহেব, আপনি চেষ্টা করতে পারেন আমরা চ্যালেঞ্জ করলাম।
এই নলকূপের কোনো রেজিস্ট্রেশন আমরা করব না, করতেও দেব না । আপনার যদি ক্ষমতা থাকে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেখান। আমরা কোনো দল-নেতা চিনি না, আমরা শুধু নাগরিক অধিকার চিনি । আমাদের প্রথম দাবি সুপেয় পানি নিশ্চিত করতে হবে। তা না হলে এই চেয়ারে থাকার নৈতিক অধিকার আপনার নেই। আপনি নির্বাচিত নন, নিযুক্ত। অথচ নাগরিকদের ওপর বোঝা চাপিয়ে দিচ্ছেন। মৌলিক সেবা না দিয়ে নতুন কর আরোপ সম্পূর্ণ জনস্বার্থবিরোধী।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতির উদোগ্যে শহরের শিল্পকলা একাডেমিতে এই সমাবেশের আয়োজন করা হয়। আর এই নাগরিক সমাবেশ থেকে বিভিন্ন প্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা ও নাগরিক নেতৃবৃন্দ অংশ নিয়ে সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পানির ব্যবস্থাকে কেন্দ্র করে নতুন করে কর আরোপ জনদুর্ভোগ বাড়াবে। সমাবেশ থেকে দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করে নাগরিকদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তারা অভিযোগ করেন, নাগরিক সুবিধা নিশ্চিত না করে উল্টো জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক ময়লা ও দুর্গন্ধযুক্ত এবং অনিয়মিত পানি সরবরাহ নিয়ে চরম ভোগান্তিতির কথাও উল্লেখ করেন বক্তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ব্যক্তিগত উদ্যোগে নলকূপ স্থাপনের ওপর কর ও রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ওয়াসার পানির বিল বাতিলের দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আমরা জুনের ১ তারিখ থেকে নতুন কর্মসূচি গ্রহণ করবো। তিনি আরও বলেন, গভীর নলকূপের উপরে কোনো চার্জ কোনো কর কোনো ট্যাক্স আমরা নারায়ণগঞ্জবাসী দিবো না।
আগে আমাদের প্রত্যেকের বাড়ির সামনে সুপেয় পানির লাইনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে সিটি কর্পোরেশনের প্রশাসক আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন। এর মানে কি? তার কাছে আমার প্রশ্ন তিনি কি এব্যাপারে গণশুনানী করেছেন? গণশুনানী করে তিনি যে আদেশ দিয়েছেন এই আদেশের স্থায়ীত্ব থাকবে না। সমাবেশে অন্যান্য বক্তারা বর্তমান প্রশাসকের কঠোর সমালোচনা করে বলেন, নগরবাসী দীর্ঘদিন ধরে পানি সংকট, জলাবদ্ধতা, সড়ক ভাঙা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো নানা সমস্যায় ভুগছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে নতুন কর আরোপের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।