Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২জন গুলিবিদ্ধ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২জন গুলিবিদ্ধ

ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ২জন গুলিবিদ্ধ

Swapno



নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন পথচারী মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিবুল ইসলাম (২২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে সারিজল আহমেদের সঙ্গে মাসুদুজ্জামানের অনুসারী মোহাম্মদ হোসেনের (এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক) পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের অনুসারীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান।

সংঘর্ষের একপর্যায়ে রাকিবুল ইসলাম ও পথচারী ইমরান গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাঁদের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকেরা।


মোহাম্মদ হোসেনের অভিযোগ, ঝুট ব্যবসা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গেলে প্রতিপক্ষ সারজিল আহম্মেদ ও তাঁর লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং গুলি চালান। এতে তাঁর পক্ষের রাকিবসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।


এ বিষয়ে জানতে সারজিলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম (টিটু) বলেন, ‘গার্মেন্টসের ঝুট নামানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি শুনেছি। এর সঙ্গে যাঁরাই জড়িত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। কী কারণে, কেন এই ঘটনা ঘটেছে, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখছি।’


ওই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন