ইসদাইর থেকে অপরহরণকৃত শুভর লাশ পাওয়া গেল রূপগঞ্জে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ইসদাইর থেকে অপরহরণকৃত শুভর লাশ পাওয়া গেল রূপগঞ্জে
ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় মারধরের পর অপরহরণকৃত শুভর লাশ পাওয়া গিয়েছে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ সংলগ্ন একটি নির্জনএলাকায়। গত ২৯মার্চ অপহরণ হয় শুভ ২এপ্রিল পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামী করে। পরবর্তীতে আজ ৫ই এপ্রিল শুভর লাশ পাওয়া যায়। শুভর লাশ নিশ্চিত করতে ইতিমধ্যেই তার পিতা-মাতাকে রূপগঞ্জ থানায় পাঠিয়েছেন শুভ অপহরণ মামলার আইও এসআই মিলন ফকির।
বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেলে ফতুল্লা মডেল থানায় শুভ অপহরণের মামলাটি নথিভুক্ত করা হয়। শুভর স্ত্রী পিংকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১), কাশেম (৪৫), সাব্বির (২১), শাকিল (২৮), পাপ্পু (৪০), মো. আলী মিয়া (৩৮), জাহিদ (৩৫), রাজ্জাক (৫০), ওয়াসিম (২৩) ও লাল শুভ (২০)। তাঁদের মধ্যে সাব্বির, রাজ্জাক ও ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাঁকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই শুভ নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয় সূত্র বলছে, গত ২৫ মার্চ শুভর নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা ফতুল্লার চাষাঢ়া রেললাইন এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার গ্যারেজ দখলের উদ্দেশ্যে হামলা চালান। সেই ঘটনার জের ধরে ২৯ মার্চ শুভর ওপর পাল্টা হামলা চালায় রানা ও তাঁর অনুসারীরা।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানা এসআই মিলন ফকির যুগের চিন্তাকে জানান, রূপগঞ্জ থানায় আমরা একটি লাশ শনাক্ত করছি শুভর ছবির সাথে মিলিয়ে ইতিমধ্যে তার পরিবারকে পাঠিয়েছি শুভর লাশ শনাক্ত করার জন্য রূপগঞ্জ থানায়।


