ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি রড মিল সংলগ্ন ঝুটের (ঝুট) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ারসার্ভিস জানায়, গোডাউনটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের ডিউটি অফিসার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট পৌঁছায়। তাৎক্ষণিকভাবে পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুনের ঘটনায় গোডাউনের ভেতরে থাকা জুটের বেল ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


