Logo
Logo
×

বিশেষ সংবাদ

এবারও ঈদ জেলে কাটবে আইভীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

এবারও ঈদ জেলে  কাটবে আইভীর

এবারও ঈদ জেলে কাটবে আইভীর

Swapno

মুসলিম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিন পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগির প্রত্যাশা থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর এবারের ঈদ কাটছে কারাগারে। গত বছরের ঈদুল আজহার মতো এবারও ঈদুল ফিতর তাকে কাটাতে হচ্ছে জেলের চার দেয়ালের ভেতর। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর কর্পোরেশনের দায়িত্ব হারানোর পাশাপাশি একাধিক মামলায় গত প্রায় ১১ মাস ধরে কারাবন্দি রয়েছেন তিনি।


জীবনে এই প্রথমবারের মতো ঈদুল ফিতর কাটছে কারাগারে থাকা এই নারী মেয়রের। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পতন ঘটে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। পরে গঠিত হয় নির্দলীয় অন্তর্বর্তী সরকার। এ সময় সারাদেশের সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে দায়িত্ব হারান ডা. সেলিনা হায়াৎ আইভীও। সরকার পতনের পর অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে গেলেও আইভী অবস্থান করছিলেন নিজ বাসভবনেই। তার দাবি ছিল, তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।


তবে গত বছরের ৮ মে রাতে শহরের দেওভোগে তার বাসভবন ‘চুনকা কুটিরে’ অভিযান চালায় পুলিশ। জুলাই আন্দোলনে এক পোশাক শ্রমিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। রাতভর উত্তেজনার পর সকালে আইভী নিজেই পুলিশের গাড়িতে ওঠেন। মেয়র পদ থেকে অপসারণের প্রায় এক মাস পর তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়।


এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি মামলায় তাকে আসামি করা হয় এবং প্রতিটিতেই তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি আরও পাঁচ মামলায় জামিন পাওয়ার পর একই দিনে নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ, যা আদালত মঞ্জুর করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন