নতুন প্রত্যাশার চাপে থাকবেন পাঁচ সাংসদ
নতুন প্রত্যাশার চাপে থাকবেন পাঁচ সাংসদ
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
নতুন প্রত্যাশার চাপে থাকবেন পাঁচ সাংসদ
নারায়ণগঞ্জের গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য নারায়ণগঞ্জের ৫টি আসনের জনগণ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন তাদের মধ্যে চারটি আসনেই সরকার দলীয় প্রতিনিধি। অন্যদিকে হিসেব করলে নারায়ণগঞ্জের ৫টি আসনের চারটিতেই নতুন মুখ। ব্যতিক্রম নারায়ণগঞ্জ-৫। এই আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এর আগে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যবসা, বাণিজ্য ও শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ এর জনগণ দীর্ঘদিন যাবত যানজট, চাঁদাবাজি, সন্ত্রাসী, জলাবদ্ধতা, গ্যাস বিদ্যুৎ সংকট, পরিবেশ দূষণ ও দখল বাণিজ্যসহ বিভিন্ন জঞ্জালের বোঝায় পিষ্ট হয়ে ভোগান্তিতে থাকা এই জেলার মানুষ এখন তাকিয়ে আছেন এখানকার নবনির্বাচিত পাঁচ সংসদ সদস্যসহ বর্তমান সরকারের দিকে।
এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাথে শহর ও বন্দর যুক্ত থাকায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দায়িত্ব ও কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি এই দুটি অঞ্চলেই লোক দেখানো উন্নয়ন বা দলকে সন্তুষ্ট করার উন্নয়ণ ছাড়া স্থানীয়দের কাজে লাগার মতো তেমন কোন উন্নয়ন হয়নি। তাই এখানকার জনগণের মধ্যে দীর্ঘদিন যাবত জমে থাকা ক্ষোভ লাঘবে এর আগে তিনবার নির্বাচিত হওয়া ক্লিন ইমেজের এই সংসদ সদস্য তার অভিজ্ঞতা প্রয়োগে সফল হবেন বলে আশাবাদী।
নারায়ণগঞ্জ-৪ আসনটির একটি বিশেষ পরিচিতি আছে। কারণ এই আসনটি নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের প্রভাবশালী সদস্য একেএম শামীম ওসমানের আসন বা এলাকা হিসেবে পরিচিত। এই আসন থেকে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন নির্বাচিত হয়েছেন। বয়সে তরুণ এই রাজনীতিবিদ তার ক্লিন ইমেজ এবং আন্তরিকতার মাধ্যমে এই এলাকাবাসীর দীর্ঘদিনের হতাশা দূর করতে পারবেন বলে স্থানীদের প্রত্যাশা।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হওয়া আজহারুল ইসলাম মান্নানের উপরও এখানকার জনগণের বেশ কিছু প্রত্যাশা রয়েছে। বিশেষ করে শিল্প-কারখানা সমৃদ্ধ এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি, সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই তার জন্য এখন বড় চ্যালেঞ্জ হবে বলে স্থানীদের দাবি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে থেকে নির্বাচিত হওয়া বিএনপির নজরুল ইসলাম আজাদ অনেক বছর যাবত জেলা ও কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। প্রথমবারের মতো সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া এই নেতার কাছে এই উপজেলাকে ঢাকা ও নারায়ণগঞ্জের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ যোগাযোত ব্যবস্থার ব্যাপক উন্নয়নের প্রত্যাশা। বিশেষ করে এখানকার আইনশৃঙ্খলা উন্নয়নে আন্তরিকতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে বলে স্থানীদের অভিমত।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন বহুবছর যাবত। এবারই প্রথম সংসদে যাওয়ার সুযোগ পাওয়া এই সাংসদের কাছেও স্থানীয়দের প্রত্যাশা অনেক। তারমধ্যে রূপগঞ্জকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর কারার দাবিটি সবচেয়ে জোরালো দাবি হিসেবে বিবেচিত।


