একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬ এএম
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা।
ভিডিও লিংক : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ
একুশের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ সময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাড়িয়ে নীরবতা পালন করে তাঁরা। তাঁদের পর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, পিপি ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, মাদকদ্রব্য অধিদপ্তর, বিআরটিএ, ডিপিডিসি, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ, এবং অন্যান্য সংগঠন।
শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলে ফুলে ভরে উঠেছে বাঙালীর শোক আর অহংকারের মিনার। সব বয়স আর শ্রেণিপেশার মানুষের পদ-চারণে মুখরিত নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনার এলাকায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনস্রোতও। শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশেই মানুষ শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে ভাষা শহীদদের।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গন্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
একুশে ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি। এই দিনটির স্মরণে সরকারি বেসরকারি টেলিভিশান চ্যানেল ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। ভাষা আন্দোলনের ঐতিহ্য ও গৌরবের কথা স্মরণ করে জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।


