মেয়র আইভীর সাথে মাওলানা আউয়ালের ফোনালাপ ফাঁস (ভিডিও)
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে গত বেশ কিছুদিন ধরেই হেফাজতের নেতারা বিভিন্ন অভিযোগ করে আসছিলো। কখনো সড়কে সমাবেশ ডেকে কিংবা মসজিদের মিম্বারে বসে, হাজারো ধর্মপ্রাণ মুসুল্লিদের সামনে তাঁরা উপস্থাপন করেছে সেসব অভিযোগ। কিন্তু এতোদিন এসব অভিযোগের সত্যতা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও এখন তা প্রায় অসত্যই প্রমাণিত হচ্ছে। কারণ, সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার আমীর মাওলানা আব্দুল আউয়ালের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সেই ফোনালাপে নাসিক মেয়র আইভী হেফাজত নেতা মাওলানা আউয়ালকে অনেকটা যৌক্তিকভাবেই বুঝিয়ে দেন যে, তাঁর বিরুদ্ধে আনা হেফাজতের প্রতিটি অভিযোগই মিথ্যা এবং বানোয়াট। এ সময় মেয়র আইভী মাওলানা আউয়ালকে তাঁর বিরুদ্ধে মিথ্যা ফতোয়া না দিতেও সতর্ক করেন।
নিচে নারায়ণগঞ্জ সিটি করপোশেনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও হেফাজত জেলার আমীর মাওলানা আব্দুল আউয়ালের কথোপকথোন হুবহু তুলো ধরা হলো-
আউয়াল : মাসদাইর গোরস্থানের মাদ্রাসাটা দীর্ঘদিন ছিলো এইটা আপনি আবার তৈরী করে দিবেন বলেছিলেন।
আইভী : হুজুর আমি যে সেই মাদ্রাসাটা বানিয়ে দিবো এই কথাটা কি আপনি শুনেছেন?
আউয়াল : আমার কাছে যারা বলছে, আমি তাঁদের কথা বিশ্বাস করেছি।
আইভী : কে বলেছে?
আউয়াল : ঐ মাদ্রাসার সাথে যারা জড়িত সেও বলেছে।
আইভী : দেখেন হুজুর আপনি তো একজন আলেম। কারো কান কথা শুনে তা বিশ্বাস করা কি আপনার উচিৎ। আপনি কি সভাপতিকে জিজ্ঞেস করেছেন? সিদ্দীক সাহেব আপনাকে কিছু বলসে?
আউয়াল : সিদ্দীক সাহেব বলে নাই। কিন্তু সিদ্দীক সাহেবের সাথে সহযোগী ছিলো দুই একজন তাঁদের নাম মনে নাই আমার..!
আইভী : তাহলে যেহেতু সিদ্দীক সাহেব কিছু বলে নাই; সেহেুতু শোনা কথা বিশ্বাস করাটা একজন আলেম হিসেবে..। আমাকে আপনার জিজ্ঞেস করা উচিৎ ছিলো। আপনি যেমন একজন সম্মানীত ব্যক্তি, আমিও কিন্তু একজন সম্মানীত ব্যক্তি। এই কথাটা আপনি মনে রাইখেন।
আউয়াল : অবশ্যই!
আইভী : আমি একজন নারী দেইখা আপনি কিন্তু আমাকে অবহেলা কইরেন না। আমি কিন্তু আপনার মায়ের জাত এই কথাটাও আপনি মনে রাইখেন।
আউয়াল : সেটা অবশ্যই। শুধু নারী দেখে নয়, বিশেষ করে এমনিও আমি আপনাকে অনেক সম্মান করেছি। এবং বহু কথা আপনার সম্পর্কে বলেছি। কিন্তু যেখানে এই কথাগুলো আমাদের উপর আসছে, তখন একটার-পর একটা কি অবস্থা হয়ে গেল! পাশের ওনাদের সব জায়গা দিয়েছে কিন্তু আমাদের নিয়ে কোনো মাথাব্যাথা নেই! ওনাদের জায়গা দিয়েছে ভালো কথা। আমাদের এখানে মসজিদে কয়েকটা দোকানের জন্য আমি আপনার কাছে বলছি আপনি আশ্বাস দিয়েছেন। মাঝখানে শুনি ফ্লাইওভার হবে এখানে। এই ফ্লাইওভারটা করতে গেলে তো দৃষ্টিকটু হয়ে যাবে।
আইভী : একটা একটা করে শেষ করি। সবগুলো শোনাকথা শুনে আজকে আপনি যেই বক্তব্য দিয়েছেন, এটা ঠিক করেন নাই। কালকে এটা যখন আমি পত্রিকাতে দেখবো আমি এটার প্রতিবাদ দিবো। আমি জানি আপনার কাছে আলেম সমাজ অনেক আছে। এই কারণে কিন্তু আল্লাহ বলে নাই; যার এতোবড় শক্তি আছে সে অন্যকে যা খুশি তাই বলবে। এটা কিন্তু হুজুর ঠিক না! কবরস্থান মসজিদ মাদ্রাসা নিয়ে আপনি কিছুই জানেন না, এটা ১০ বছর আগের ঘটনা। আপনি কিছু না জেনেই আমাকে অপরাধী করেছেন। সেখানে আমি মসজিদ করে দিয়েছি। কিন্তু মাদ্রাসা সেই অবৈধ জায়গায় থাকার কথা না। কবরস্থানের জায়গার মধ্যেও কিন্তু আমি মাদ্রাসা দিতে পারি না। মাদ্রাসা যখন হয় তখন কিন্তু টাকা নিয়ে পড়ানো হয়! আর সেখানে কবরস্থানের জায়গা আমি কিভাবে দেই? এটা শোভন গার্মেন্টস’র মালিক সিদ্দীক কাকার সাথে আমার কথা হয়েছে তিনি নিজে আমাকে বলেছে, সে মাদ্রাসার জন্য জায়গা কিনেছে দুই শতাংশ। সেখানে মাদ্রাসা করে সেটা তিনি নিজে পরিচালনা করবেন। আপনি না জেনে হুজুর আমার উপর কোনো দোষ দিবেন না। এটা আমি আপনাকে বলে দিলাম। আপনি হুজুর তাই আমি আপনাকে সম্মান করি। এর মানে এই নয় যে আপনি যখন খুশি তখন আমাকে যা খুশি তা বলবেন!
আউয়াল : সেটাতো অবশ্যই!
আইভী : বাগে জান্নাতের ব্যাপারটা আপনিই আমাকে বলেন; সেখানে আমার ২০ থেকে ৩০ শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল করে আছে সেটা ঠিক নাকি অন্যায়? সেটা আগে আপনি আমাকে বলেন? আউয়াল : এই জায়গাটা আপনার অধীনে। আপনি তো দিয়েছেন। তাই এটাতো আপনি বৈধও করতে পারেন।
আইভী : হুজুর আমি বৈধ করবো কি করবোনা এটাতো পরের ব্যাপার। আগে আপনি আমাকে বলেন, এটা বৈধ কিনা?
আউয়াল : আমি জানি তাঁদের কাছে একটা দলিলও আছে।
আইভী : কোনো দলিল নাই! যারা বলেছে যে দলিল আছে তারা মিথ্যা বলেছে আপনার কাছে। আপনি কি তাঁদেরকে দয়া করে আমার কাছে নিয়ে আসবেন?
আউয়াল : আমি অবশ্যই তাঁদেরকে এখন ডাকবো!
আইভী : আপনি এখন তাঁদেরকে ডাকবেন। এবং বলবেন তোমাদের কাছে যেই দলিলটা রয়েছে সেই দলিলটা একটু দাও। যদি দলিল দেখাতে পারে তাহলে মেয়র এখানে এক শতাংশ-না একশ শতাংশ জায়গা দিয়ে দিবে। মিথ্যা ভাবে একজন সম্মানীত ব্যক্তিকে অসম্মানীত করলে আল্লাহ নিজেও সহ্য করবেনা। আল্লার আরশ কিন্তু কেঁপে উঠবে!
আউয়াল : সেইটা তো অবশ্যই।
আইভী : আপনি আমাকে কবর রচনা করে দিবেন হুজুর? দেন তহলে। আমি দেখি তারপর আপনি কেমনে থাকেন।
আউয়াল : এইটা তো কথার পৃষ্ঠে কথা আইসা পরসে।
আইভী : কেনো হুজুর? আমরা যদি একটা কথা ভূল বলি তাহলে কিভাবে আপনারা মিছিলে নেমে যান! একবার চিন্তা করে দেখেন তো। আল্লাহ আপনাদের বানাইসে মৌলভী সাহেব, আপনারা হইসেন। এর মানে এই না কিন্তু যাকে তাকে ফতুয়া দিয়ে যা খুশি তাই করবেন। বাগে জান্নাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জায়গা ( সিএস.এসে.আরএস ) থেকে। তারু সরদার আমার বাবার সাথে যখন কমিশনার তখন জায়গা চেয়েছিলো এই মসজিদের জন্য। ৮৪ সালে আমার আব্বা মানা যায়! এরপর নাজিমউদ্দিন মাহমুদের কাছে আবেদন ছিলো ৬ শতাংশের জন্য। মিনিস্ট্রিতে পাঠানো হয় সেই ৬ শতাংশ। মিনিস্ট্রি এখন পর্যন্ত দেয় নাই। কিন্তু আমি বৈধ করার জন্য ২০১০ সালে বলছিলাম এখানে মসজিদ করবো। এই মসজিদের কমিটি আমার কাছে আবদার করলো যে আপনি একটু বাড়িয়ে দেন। আমি বলেছি ঠিক আছে ৬ এর জায়গায় আমি ১০ দিলাম। তবে শর্ত হলো এই মসজিদটা আমরা একসাথে মিলে করবো। তাঁরা বলেছিলো আচ্ছা। এরপর কমিটি আরো ৭ শতাংশ আমার কাছে দাবি করলো। আমি বলেছি ঠিক আছে আমি ১৭ শতাংশই দেবো। তবে আমি মসজিদের জায়গা দিবো কিন্তু মাদ্রাসার জায়গা দিতে পারবোনা। কিন্তু পরবর্তীতে আবুল হোসেনসহ বিভিন্ন লোকজন এমপি সাহেবের কাছ থেকে ডোনেশন পেয়ে নিজেরা নিজেরাই করে ফেলছে! আর গত তিন সপ্তাহ আগে যখন আমি দেখলাম সেখানে আমাদের প্রচুর জায়গা দখল হয়ে গেছে তখন আমি বাধা দিয়েছি। আমি কমিটিকে বলেছি মসজিদ করে দিবো কিন্তু মাদ্রাসা দিতে পারবোনা কারণ তাঁরা টাকার বিনিময়ে সেটা চালায়। এখন আমি মিনিস্ট্রিকে বলি যে, কতিপয় লোকজন আমার জায়গা দখল করে রাখসে। আপনি সেই ধরনের বক্তব্য দিসেন হুজুর! আমি কিন্তু শহরে ভেসে আসি নাই হুজুর।
আউয়াল : ঠিক আছে আমি তাঁদেরকে ডাকাবো। তবে মাদ্রাসা নিয়ে তাঁদের পক্ষ থেকে কথা আসতেসে যে, আপনি মাদ্রাসা ভাইঙা দিতাসেন!
আইভী : হুজুর ভাইঙতে গেলে তো ভাইঙাই দিয়া আইতাম। তাইলে কি ফিরা আইতাম?
আউয়াল : তারা বলসে যে কোনো বিনিময়ে হোক এই জায়গা তাঁরা ছাড়বেনা!
আইভী : কেন, কার জায়গা ছাড়বেনা? দখল করে রাখবে এবং সেই জায়গা ছাড়বে না এতোবড় স্পর্ধা নারায়ণগঞ্জ শহরে কার হলো হুজুর!
আউয়াল : না তাঁরা বলতাসে আপনি একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধতা না দিয়ে সেটা ভেঙে দিতাসে!
আইভী : আমার কবর রচনা করে আমার কাছ থেকে জায়গা নিবেন? আমি ৭ টা মসজিদ করতাসি এই শহরে। আমি স্কুল করতাসি। আমি মন্দির করতাসি। আমি সব ধর্মের জন্য সমান। ঐ চেয়ারে যখন আল্লাহ আমাকে বসাইসে তখন আমি সব ধর্মের জন্যই সমান হুজুর। আমি আপাদের মতো কথা বলিনা হুজুর। এই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি হুজুর। কিন্তু দূর দুরান্ত থেকে আইসা আমাকে যা খুশি তা বলবেন, এটাতো হয়না হুজুর।
আউয়াল : আচ্ছা আমি ওদেরকে ডাকাবো। আপনার কাছে যা শুনেছি সেই অনুযায়ী তাঁদের কাছে রেকর্ডগুলো আমি চাইবো।
আইভী : আপনি কোনো কথা বলার আগে আমাকে জানাইয়েন হুজুর। আপনার যেমন হাজার হাজার ফলোয়ার আছে আমারও তেমন হাজার হাজার ফলোয়ার আছে।
আউয়াল : আচ্ছা ঠিক আছে।
আইভী : ঠিক আছে আস্লামুআলাইকুম।


