অশ্রুশিক্ত নয়নে মুুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আব্দুল কাদিরের (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৫ পিএম
যুগের চিন্তা অনলাইন : আমাদের দেশে এখন ১৪ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত প্রায় প্রতিটি তরুণই খেলাধুলা ও লেখাপড়ায় নিজেরা বেশি ব্যস্ত থাকে। কিন্তু ১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন বাস্তবতা ছিলো একেবারেই ভিন্ন। দেশ স্বাধীন করতে তখন দুরন্তপনার বয়সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বহু তরুণ। নারায়ণগঞ্জের পাইকপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সেই তরুণদেরই একজন। মাত্র ১০ম শ্রেনীতে থাকা অবস্থাতেই তিনি অংশগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। পরিবারকে না জানিয়েই কিশোর আব্দুল কাদির ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে রাইফেল কাঁধে দাপিয়েছিলো নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান। সহযোদ্ধাদের সঙ্গে বন্দুকের গুলি মেরে প্রতিহত করেছিলেন পাকিস্তানি আর্মিদের। এরপর এই আব্দুল কাদিরের চোখের সামনেই বাংলাদেশ থেকে বিদায় হয়েছিলো পাক-বাহিনীর সেনারা। স্বাধীন হয়েছিল সোনার বাংলা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) যুগের চিন্তার বিশেষ আয়োজন ফেসবুক লাইভ টকশো “হ্যালো নারায়ণগঞ্জ” অনুষ্ঠানের ‘রণাঙ্গনে নারায়ণগঞ্জ’ পর্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদিরের সাক্ষাতকার নিয়েছেন সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আব্দুল কাদির বলেন, আমি যখন ক্লাস টেইনে (১০ম শ্রেনী) উঠি, তখন আমার মাত্র ১৪ বছর। সেই সময় আমাদের পাইকপাড়ার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভাই ভারত থেকে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছিলো আরো মুক্তিযোদ্ধা সংগ্রহ করার জন্য। সেই সময় তাঁর সাথে আমার কথা হলে; এক পর্যায়ে সে আমাকে বলেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। যদিও এর আগে আমার বয়স কম হওয়াতে শাহজাহান ভাই আমাকে রিজেক্ট করে দিয়েছিলো।
আব্দুল কাদির বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আমরা প্রথমে ভারতে ট্রেনিংয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করি। কিন্তু এ বিষয়ে তখন আমি আমার পরিবারের কাউকেই জানাই নাই। তখনও মুক্তিযুদ্ধ চলছিলো। এদিকে ভারতে ট্রেনিংয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে কাইক্কারটেক থেকে নৌপথে কুমিল্লা চলে যাই। সেখানে একদিন অবস্থানের পর সীমান্ত অতিক্রম করে আমরা পৌছে যাই ভারতের আগরতলায়। তখন বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতে আমাদের বহু কৌশল অবলম্বন করতে হয়েছিলো। সেখানে দুই দিন অবস্থান করার পর আমরা পালাটানা ট্রেনিং ক্যাম্পে চলে যাই। এক্ষেত্রে আমাদের সাহায্য করেছিলো আমাদের এমপি সাহেব একেএম শামসুজ্জোহা সাহেব। ক্যাম্পে আমাদেরে ভারতীয় আর্মিরা বিভিন্ন ভাবে পরীক্ষা করে, তারপর ট্রেনিংয়ের জন্য প্রস্তুত করেছে। সেখানে আমরা প্রায় ত্রিশ দিন ট্রেনিং নিয়েছি। আর অংকে ভালো ছাত্র হওয়াতে আমি সেখানে এক্সক্লুসিভ ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলাম। এরপর আমরা ৬’শ মুক্তিযোদ্ধা অস্ত্র নিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করেছি।
তিনি বলেন, ভারত থেকে ট্রেনিং নিয়েই প্রথমে আমরা বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থান নেই। তখন নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলো বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন সাহেব। মূলত আমরা তাঁর অধীনেই মুক্তিযুদ্ধ করেছিলাম। এদিকে আমি মুক্তিযুদ্ধে প্রথম অপারেশনের সুযোগ পেয়ে যাই আনন্দবাজারে। আনন্দবাজারের এক শিপে কিছু পাকিস্তানী আর্মি অবস্থান করছে এমন সংবাদ পেয়ে আমরা তাঁদের উপর আক্রমণ করি। ফলে তাঁরা নদী সাঁতরে অন্য একটি বড় শিপে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে আমরা পাকিস্তানী আর্মিদের বহু অস্ত্র জব্দ করে নিয়েছিলাম। এর পরপরই আমরা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে আরো তিনটি অপারেশনে অংশগ্রহন করি। এরমধ্যে বন্দরের কুড়িপাড়ার একটি অপারেশন ছিলো। সেখানে আমি ও আমার সহযোদ্ধারা দেখছিলাম যে, শীতলক্ষ্যা নদী পাড় হয়ে পাক বাহিনীর একটি দল বাড়ির ভিতরে ঢুকছে। তখন আমি সঙ্গে সঙ্গে পাক বাহিনীর বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি গাছের উপর উঠে সেখান থেকে তাঁদের উপর গুলি করলাম। এতে একজন পাকবাহিনী মারা যান। আর অন্যরা আমাকে দেখতে পেয়ে, আমার দিকে ধেয়ে আসতে থাকে-আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু আমি সেখান থেকে দ্রুতই সরে যেতে পেরেছিলাম। নইলে আর্মিরা আমাকে সেখানেই মেরে ফেলত! এরপরও এমন আরো বহু অপারেশন হয়েছিলো, যার মধ্যে আমার জীবন যেতে পারতো। কোথাও কোথাও আমাদের উপর বৃষ্টির মতো গুলি করেছিলো পাকিস্তানি আর্মিরা।
তিনি বলেন, একবার পাকিস্তানী আর্মিরা আমার একেবারেই কাছে চলে এসেছিলো। তখন আমার সাথে অন্য কোনো সহযোদ্ধা ছিলোনা। পাশাপাশি তাঁদের সাথে ফাইট করার জন্য পর্যাপ্ত অস্ত্রের গুলিও ছিলোনা আমার কাছে। আমি জীবন বাঁচাতে ঘটনাস্থলের পাশের এক কচুরিপানায় ভরাট পুকুরে ডুব দেই। মৃত্যু আমার একেবারেই কাছে চলে এসেছিলো। কারণ পুকুরের চারদিকেই পাকিস্তানী আর্মিরা ছিলো। এর কিছুক্ষন পরেই আর্মিরা পুকুরে বৃষ্টির মতো গুলি করতে থাকে। তবুও সেই যাত্রায় আমি রক্ষা পেয়েছিলাম। আর এর কয়েকদিন পরেই পাকিস্তানী আর্মিরা সেলেন্ডার করেছিলো। এবং দেশ স্বাধীন হয়েছিলো।


