Logo
Logo
×

বিশেষ সংবাদ

মুক্তিযুদ্ধে কুঁড়িপাড়ায় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধা কনক (ভিডিও)

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৮ পিএম

মুক্তিযুদ্ধে কুঁড়িপাড়ায় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধা কনক (ভিডিও)
Swapno

 

নারায়ণগঞ্জের কাশীপুরের বীর মুক্তিযোদ্ধা কনক মল্লিক বিক্রম। পাকিস্তানী হায়নাদের কাছ থেকে সোনার বাংলাকে মুক্ত করতে তিনি অংশগ্রহন করেছিলেন মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন করতে নিজ পরিবার রেখে কাশীপুরের মুক্তিযোদ্ধা বিক্রম তরুণ বয়সেই ভারতের আগরতলা, কলকাতাসহ রাইফেল নিয়ে দাঁপিয়েছিলো নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে। সহযোদ্ধাদের সঙ্গে বন্দুকের গুলি মেরে আক্রমন করেছিলেন পাকিস্তানি আর্মিদের উপর। সর্বশেষ এই বিক্রমের চোখের সামনেই বাংলাদেশ থেকে বিদায় হয়েছিলো পাক-বাহিনী আর স্বাধীন হয়েছে সোনার বাংলা।


বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এমের সঞ্চালনায় যুগের চিন্তার বিশেষ আয়োজন ফেসবুক লাইভ টকশো “হ্যালো নারায়ণগঞ্জ” অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কনক মল্লিক বিক্রম মুক্তিযুদ্ধে তাঁর রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন। 


মুক্তিযোদ্ধা কনক মল্লিক বিক্রম মুক্তিযুদ্ধের স্মৃতীচারণ করে বলেন, প্রথম যখন নারায়ণগঞ্জে পাক বাহিনী আক্রমন করে, তখন আমরা পরিবারসহ সকলে নদীর ঐ-পাড়ে বক্তবলীতে অবস্থান নিয়েছিলাম। আর এর আগেই আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সেখান থেকে (বক্তবলী) আমি স্বপরিবারে প্রথমে নদীপথে রামচন্দ্রপুর এরপর পায়ে হেঁটে ভারতের আগরতলায় পৌছে যাই; এবং আগরতলা থেকে কলকাতায় আমার পরিবারের সদস্যদের রেখে আবার আমি ট্রেনিং করার জন্য আগরতলায় ফিরত আসি। তখন আগরতলায় আমাদের নারায়ণগঞ্জ থেকে অনেকেই ট্রেনিং করার জন্য উপস্থিত হয়েছিলো। এর মধ্যে আমার অনেক বড় ভাই এবং বন্ধুরাও উপস্থিত ছিলো।


তিনি বলেন, আগরতলা থেকে ট্রেনিং শেষ করার পরে আমাদের দেওভোগের প্রয়াত মহিউদ্দিন আহম্মেদ দুলালের নেতৃত্বে প্রায় ত্রিশ জনের একটি দলসহ আমি বাংলাদেশে আসি পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে। এবং বাংলাদেশে এসেই আমরা প্রথম ঘাঁটি করি কাইক্কারটেক এলাকার এক করিম চেয়ারম্যানের বাড়িতে।


এদিকে, এর কিছুদিন পরেই আমাদের কাছে খবর আসে কাইক্কারটেকের নিকটে কুড়িঁপাড়া নামক একটি স্থানে বন্দরের মোহাম্মদ আলী রাজাকারের সহযোগীতায় পাকিস্তানী আর্মিরা সেখানে আক্রমণ করেছে। তাই তখনই আমি ও আমার সহযোদ্ধাদের প্রথম পাকিস্তানের আর্মিদের মুখোমুখি হওয়ার সুযোগ হয়। আমাদের সাথে বর্তমান আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির এবং তার মতো বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন, যারা খুবই শক্তিশালী ছিলো। সেইদিন আমাদের পাক-বাহিনীর সাথে খুব কাছ থেকে গোলাগুলি হয়েছিলো! তুমুল  সংঘর্ষ হয়েছে সেদিন। কিন্তু আমাদের আক্রমনের কাছে টিকতে না পেরে পাকিস্তানী আর্মিরা তখন সেখান থেকে চলে যায়। পাশাপাশি সোনারগাঁয়েও আমরা এমন একটা অপারেশনে পাকিস্তান আর্মিকে প্রতিরোধ করেছিলাম। এদিকে ভারতীয় সেনারাও আমাদের প্রায় সময়তেই সাহায্য করতো পাকিস্তানী আর্মিকে হটানোর জন্য।


তিনি বলেন, দেশ যখন স্বাধীন হয়, তখন দেখলাম নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিলো। অনেক খারাপ অবস্থাই তখন চোখে পড়েছে আমাদের। স্থানীয় কাশীপুরের লোকজন অনেকেই তখন আমাদের মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানাতে এসেছিলো। আমার মা-তো আমাকে দেখে কেঁদেই দিয়েছিলো। সে ভেবেছিলো আমি বেঁচে ফিরতে পারবোনা!


কিন্তু ৭৫ সনের পরে আমরা দেখলাম, অনেক মুক্তিযোদ্ধাই ভয়ে নিজেদের পরিচয় দিতে চায়নি। যারা দিয়েছেন তাদেরকে আমরা অনেক অসুবিধার মধ্যে পরতে দেখেছি। কিন্তু এখন আবার দেখছি মুক্তিযোদ্ধাদের সরকার সম্মান করছে। তাঁদের খোঁজ খবর নিচ্ছে। এটা আমাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্য একটা ভালো বিষয়।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন