জমিদার আমলের ‘টানা ঝুলন্ত পাঙ্খা’ এখনো বিস্ময় !
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ০৩:৫৬ পিএম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঐতিহ্য ও ইতিহাসের স্বাক্ষী মুড়াপাড়ার জমিদার বাড়ির ভবন এখনো দাড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে। শুধু তাই নয়,এ ভবনের পুরনো স্থাপনা ও আসবাবপত্রাদির মাঝে যেন খুঁজে পাওয়া যায় সেই দু‘শ বছরের পুরনো নানা স্মৃতি। তবে আসবাবপত্রাদির বেশির ভাগ বিলুপ্ত কিংবা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেলেও ঝুলন্ত পাঙ্খা আজো অক্ষত থাকতে দেখা গেছে সেই পুরনো ভবনে বর্তমান মুড়াপাড়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ কার্যালয়ে।
সূত্র জানায়, এক সময় বিলাসিদের বাড়ি-ঘর ও সরকারী অফিস আদালতে গরম হাওয়া দূরিকরণে ঝুলন্ত পাঙ্খা থাকতো। আবার তা চালনা করার জন্য থাকতো পাঙ্খাকুলি। ফলে এ পাঙ্খা চালিয়ে জীবিকা নির্বাহকারী কুলিদের ছিল মৌসুমি কর্মসংস্থান। তেমনি অফিস আদালত,জমিদার বাড়ি,রাজা ,উজির ও নাজির বাড়ির স্থায়ী কর্মসংস্থান হিসেবে পাঙ্খা কুলিদের অবস্থান ছিল সরব উপস্থিতি। তবে দরিদ্র ঘরনাদের হাতের তৈরী তালপাতার পাখা, খেজুর পাতার পাটি ও কাপড়ের তৈরীকৃত স্থানীয় হস্তশিল্পিদের পাখা আজো গ্রাম বাংলায় ও শহুরে পরিবেশে দেখা মিলে। তবে ঝুলন্ত পাঙ্খা সাধারণত দেখা মেলে না খুব একটা।
স্থানীয় প্রবীণ শিক্ষক ও বিজ্ঞমহলের সাথে কথা বলে জানা যায়, এ ধরণের পাঙ্খার প্রথম প্রচলন হয় বৃটিশ ঔপনিবেশিক আমলেই । তখনকার সরকারী অফিস আদালতে,জমিদার মহল,রাজাদের দরবারে ও বিলাসিদের ঘরে শোভা পেত এ ঝুলন্ত পাঙ্খা। তাদের সাধ্যানুযায়ী ১০ থেকে ৩০জন পাঙ্খাকুলি এ পাঙ্খা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতো। কোন কোন রাজ প্রসাদে কৃতদাস ও দাসীদের দিয়ে এ পাঙ্খা কুলির কাজ করাতো।
নারায়ণগঞ্জ জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, অষ্টম শতকে আরবরা এ পাঙ্খার ব্যবহার শুরু করেন। তবে বাংলা,ভারত পাকিস্তানে অষ্টাদশ শতাব্দির শেষভাগে শুরু হয় এ পদ্ধতির ব্যাপক প্রচলন। আর সেই সময় থেকেই মুড়াপাড়া জমিদার বাড়ির এ পাঙ্খাটি আজো ঝুলে আছে কালের স্বাক্ষী হয়ে এ বাড়ির ছাঁদে। এ পাঙ্খার রশির সাথে মিশে আছে পরপারে থাকা এক সময়ের অসহায় ও দিনমজুর শ্রেণির মেহনতি শ্রমিকের হাতের ঘাম। আর তা দেখে মনোমুগ্ধ হয় স্থানীয় উৎসুক জনতা ।
সূত্রে জানা যায়, বাংলায় এ পাঙ্খার প্রচলন শুরু হয় এ জমিদার বাড়ি এলাকা থেকেই । তৎকালীন জমিদার গরমের তীব্রতা থেকে বাঁচতে মৌসুমি কুলি নিয়োগ করতেন। কুলিদের মাসিক বেতন হিসেবে দেয়া হতো মাত্র ৪ রুপি। তবে সে সময়ের ৪ রুপি পর্যাপ্ত না থাকায় দুবেলা পেটপুরে ভাত খাওয়ার শর্তজুড়ে দেয়া ছিল পাঙ্খাকুলিদের বাড়তি আবদার।
ধারণা করা হয় , এ পাঙ্খার প্রচলন প্রথমে বণিক শ্রেণির অট্টালিকায় শোভা পেত। বণিক পরিবারের রাতের শীতলী ঘুম উপহার দেয়ার জন্য এ পেশায় নিয়োজিত কুলিরা বিশেষ পদ্ধতিতে ঘরের বাইরে থেকে পাঙ্খার সূতা ধরে টানতো। এতে পালা করে কুলিরা কাজ করতো। দিনের বেলায় এক পক্ষ পাঙ্খা চালনা করলে রাতের বেলায় তা অন্যপক্ষ টানতো। ঘরের আকার ও ছাঁদের উচ্চতা অনুসারে পাঙখার আকার ছোট কিংবা বড় হতো। জনপদের বসার স্থানে রাখা হতো এ পাঙ্খা ।
কথিত আছে, মুড়াপাড়া জমিদার বাড়ির পাঙ্খাকুলি হিসেবে পরিচিত শ্রী হর প্রসাদ ও তার দুই ছেলের কাজের অবহেলার কারণে তাদের জমিদারের বাড়ির সামনে থাকা পুকুরের কুমিরের খাদ্য হিসেবে বলি দেয়ার হুমকী দেয়া হতো। এভাবে তারা পিতাপূত্র দিনরাত এ পাখাটি চালিয়েছেন। একদিন এ পাখা চালনার অবহেলার অভিযোগে হরপ্রসাদের ছোট ছেলে মনি গোপালকে পুকুরে কুমিরের খাদ্য হিসেবে ফেলে দেয়া হয়। তবে এর সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
অতীত যাই বলুকনা কেন; সম্প্রতি স্বাধীনতা পরবর্তি ও পূর্ববর্তি রূপগঞ্জের মুড়াপাড়া জমিদার বাড়িটিতে থাকা এ পাখাটি নেড়ে এক সময়ের বিটিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক“অয়ময়” এ বিশিষ্ট অভিনেতা ডা.এনামুল হক্ব বিশেষ ভঙ্গিমা প্রকাশ করে পান জাতীয় পুরষ্কার। জনপ্রিয় কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক তার প্রথম অভিনীত চলচ্চিত্র “বেহুলা সুন্দরী” এখান থেকেই শুরু করেন। এ সময় এ পাখাটি নিয়ে বেশকিছু ডায়লগ প্রচার হয় তার।
এবিষয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গবেষক ও কলামিষ্ট মীর আব্দুল আলীম বলেন , মুড়াপাড়া জমিদার বাড়িটি রূপগঞ্জের পরিচয় বহন করে।তবে এ ভবনের পাখাটির অতীত ইতিহাস লিপিবদ্ধ না থাকায় লোকমূখের উপর নিভর করতে হয়। সঠিক ইতিহাস সংরক্ষণে নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারী। তাই এসব ঐতিহাসিক নিদর্শন অযত্ন ও অবহেলায় পড়ে থাকা সবকিছুই সংরক্ষন জরুরি।
এ বিষয়ে বর্তমান মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ সুকুমার দাস বলেন, সরকারীভাবে এ পাঙ্খা ও মূলভবন রক্ষায় প্রত্নতত্ত্ব বিভাগ উদ্যেগ নিয়ে ইতিহাস সংরক্ষনে সহায়ক হবে। তবে তার কাছে এসব বিষয়ে লিখিত কোন তথ্য না থাকায় ভবনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কোন তথ্য জানেন না বলে হতাশা প্রকাশ করেন। তবে এ স্মৃতিটুকু অক্ষতভাবেই আমরা সংরক্ষনে রেখেছি।
তবে দুঃখজনক হলেও নির্মমসত্য যে, আধুনিকতার ছোঁয়ায় ঘরে ঘরে এখন বিদ্যুৎ। এ বিদ্যুতের বদৌলতে এসি,বৈদ্যুতিক পাখার প্রসারে টানা ঝুলন্ত পাঙ্খা‘র যেন আর প্রয়োজন নেই। কেউ কেউ এটাকে বেমানান মনে করে থাকেন। তাই মুড়াপাড়ার জমিদার বাড়ির এর পাঙ্খাটিও একটি মহল সম্প্রতি সরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। আশার কথা হলো, এ পাখা সংরক্ষণে ঢাকা জেলার প্রত্নত্বত্ত্ব বিভাগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। পুরাকৃর্তি ও এর আসবাব রক্ষায় সংশ্লিষ্ট মহলের প্রতি বিশেষ নজরদারীর দাবী এলাকাবাসীর।


