আমি সেই মানুষ, যাকে জনগণ না দেখেও নামের উপর ভোট দেয় : আইভী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:১৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার মাথায় এখন ইলেকশনের চিন্তা নেই। কিভাবে উন্নয়ন কাজ দ্রুত শেষ করা যায়, সেই চিন্তা মাথায় রয়েছে।
চারদিকে উন্নয়ন কাজ চলমান রয়েছে, আগামী এক বছরের মধ্যে এ কাজগুলো শেষ করতে হবে। আমি সর্বক্ষণ এবং ঘুমিয়েও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে স্বপ্ন দেখি, কোথায় কী কাজ করতে হবে।
আমাদের শহরে ২০/২৫টা খাল আছে, আমরা সবগুলি খাল খননের কাজে হাত দিয়েছি। পুকুর আছে ৩৪টির মতো, সেগুলো বাধাই করে দিচ্ছি। যে কাজগুলি আমি করেছি, সরকার যদি সহযোগীতা না করতো আমি তা করতে পারতাম না। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন করতে পছন্দ করেন।
দেশের এমন কোন জায়গা নেই যেখানে তার উন্নয়নের ছোয়া নেই। আমরা তার সহযোদ্ধা হয়ে কাজ করছি। আমি আমার কাজের ক্ষেত্রে কখনও দলকে বিবেচনা করিনা। কে কোন দল করে, কখনও কাউকে জিজ্ঞেস করিনা। দেশের উন্নয়ন কাজে সবাই সমান। এই শহরের মধ্যে নির্ভয়ে নির্দ্বীধায় জনগণ আইভীর সাথে কথা বলতে পারে। আমি সেই মানুষ, যাকে জনগণ না দেখেও নামের উপর ভোট দেয়। তাছাড়া কাজ করলে সমালোচনা থাকবেই।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাসষ্ট্যান্ড এলাকায় ‘মুক্তিযোদ্ধা সড়ক’ নামে একটি রাস্তা উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি আরো বলেন, নাসিক ৯নং ওয়ার্ড জালকুড়ি এলাকায় আমাদের একটি কাজ চলছে। সেটি হলো ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা। কাজটি বিদ্যুৎ মন্ত্রাণলয় ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একসাথে চুক্তিবদ্ধ।
আমরা তাদেরকে ময়লা পৌছে দেবো, তারা সেই ময়লা থেকে বিদ্যুৎ তৈরি করবে। করোনার জন্য আমরা এই কাজে অনেক পিছিয়ে গেছি। নয়তো এ বছরেই মাননীয় প্রধানমন্ত্রী এ কাজটির উদ্বোধন করে ফেলতেন।
মেয়র আইভী প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় আমি এসব কাজ করেছি। মানবসেবার মাধ্যমে আমি আমার চুড়ান্ত লক্ষে পৌছাতে চাই। যেখানে গেলে আমি আল্লাহকে পাবো।
আমি এমন একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই যেখানে মানুষ মাথা উঁচু করে দাড়িয়ে বলতে পারে যে, এই শহর খুনের শহর নয়, এই শহর আমাদের বাসস্থান, এখানে যার যার দল সে সে করবে, কেউ যেন মামলা দিয়ে কাউকে কোণঠাসা করতে না পারে, মাথা উঁচু করে কথা বলবে।
নাসিক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র আফরোজা আক্তার বীভা, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ওমর ফারুক, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, নাসিক ৫’নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, নাসিক ১,২ ও ৩ নং ওয়ার্ড নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, নাসিক ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম, না’গঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহিরুল ইসলাম, কামাল হোসেন প্রমূখ।


