Logo
Logo
×

বিশেষ সংবাদ

কবিতা প্রেমিকরা কবিতার বই খুঁজে বের করে পড়ে

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

কবিতা প্রেমিকরা কবিতার বই খুঁজে বের করে পড়ে
Swapno

পাঠক তৈরী করার দায়িত্ব প্রকাশক ও লেখকদের। এখানে পরিবেশ তৈরী করার জন্য রাষ্ট্রেরও একটা ভূমিকা আছে, এমনকি পরিবারেরও একটা ভূমিকা আছে বলে মনে করেন আবৃত্তি শিল্পী পিন্টু সাহা এবং কবি শাহেদ কায়েস।

 

তাদের মতে, কবিতার পাঠক ব্যপকভাবে কখনো ছিল না। যারা কবিতা পড়ে তারা বই খুঁজে খুঁজে বের করে তারপর পড়ে। এখানে আফসোস বা হতাশ হবার কিছু নেই। তবে শুধু কবিতার পাঠক কমে গেছে বলাটা ঠিক না। এখন সব ধরণের বইয়ের পাঠকই কমে গেছে। 

 

সোমবার (২৮ ডিসেম্বর) সিনিয়র সাংবাদিক ও লেখক নাফিজ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত যুগের চিন্তার সাপ্তাহিক ফেসবুক লাইভ টক শো ‘সাহিত্য আড্ডা’য় এ ধরণের মতামত ব্যক্ত করেন এই দুই সাহিত্যিক।

 

অনুষ্ঠানের শুরুতে দর্শক ও অতিথিদের উদ্দেশ্যে সঞ্চালক নাফিস আশরাফ বলেন, একজন কবি এবং একজন আবৃত্তিকারকে নিয়ে আমরা আলোচনায় মেতে উঠবো। কবিতা কিসের জন্য, আবৃত্তি কেন এবং কাদের জন্য সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব।

 

সাহিত্যে হাতেখড়ির বিষয়ে আবৃত্তি শিল্পী পিন্টু সাহা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ উদীচি শিল্পিগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের মাধ্যমে স্বৈারাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমার হাতেখড়ি।

 

তিনি বলেন, প্রথমে আমার বড় আমাকে উচ্চারণের বিষয়ের একটি তালিকা দিয়েছিলেন কোন উচ্চারণটা কীভাবে করতে হবে। তখন থেকে যাত্রা শুরু তারপর উদীচিতে কাজ করতে করতে আমার আবৃত্তির প্রতি আমার শখ সৃষ্টি হয়। ১৯৮৮ সালে আমি ঢাকায় কন্ঠশীলণে একটি কোর্সে ভর্তি হই। ১৯৯১ সালের ১৪ এপ্রিল আমরা চার বন্ধু মিলে ‘কথন’ নামের একটি আবৃত্তি সংগঠন তৈরী করি।

 

এই আবৃত্তিকার বলেন, নারায়ণগঞ্জে বর্তমানে স্কুলগুলোতে আবৃত্তি, সঙ্গীত, অভিনয়, চিত্রাংকনসহ বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করছে। এই বিষয় নিয়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের কাজগুলোর প্রশংসা করেন তিনি।

 

তিনি মনে করেন এই বিষয়গুলোকে সহপাঠ হিসেবে না রেখে পাঠ্যসূচীতে তালিকাবদ্ধ করা উচিৎ। যখন শিশুরা বেড়ে উঠবে তখন তাদের মধ্যে এইসব বিষয়ে জ্ঞান ও ধারণা তৈরী হবে। সমাজের নীতিনির্ধারক ও রাষ্ট্র পরিচালকদের এই বিষয়টা ভাবতে হবে বলে তিনি মনে করেন।

 

তিনি বলেন, নারায়ণগঞ্জে সাহিত্যের কোন অনুষ্ঠান করতে গেলে আর্থিক সংকটের একটা বিষয় চলে আসে। টাকার যোগানের কথা ভাবতে হয়। যে শহরের এত শিল্প কল-কারখানা আছে কিন্তু এই বিষয়ে কেউ এগিয়ে আসবে বা সহযোগিতা করবে এ ধরণের মন-মানসিকতা কারো নেই।

 

নতুন প্রজন্ম’র উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কতদিন এই বিষয়টি নিয়ে এগিয়ে যাবো। এখন যে হারে নতুনরা এ বিষয়ে সম্পৃক্ত হচ্ছে তা খুবই নগন্য। অনেকের মধ্যেই অনেক মেধা আছে কিন্তু তাদের পৃষ্ঠপোষকতা করতে হবে। তাদের সুযোগ করতে হবে। তাদের উপর ভবিষ্যতা চাপিয়ে দেয়া যাবে না।

 

অনুষ্ঠানে তিনি বিভিন্ন লেখকের বেশ কয়েকটি লেখা আবৃত্তি করে শোনান।


 
কবিতার সাথে সম্পর্ক তৈরী হওয়ার বিষয়ে কবি শাহেদ কায়েস বলেন, আমার জন্মস্থান সোনারগাঁয়ের পরিবেশই আমাকে কবিতার প্রতি আকৃষ্ট করে। আমার মনের জানালা খুলে দেয়। আমার প্রথম কবিতা ছাপানো হয়েছিল ‘নবঅভিযান’ নামের একটি পত্রিকায়। তার আগে কলেজ ম্যাগাজিনে বা দেয়ালিকায় আমার লেখা থাকতো।

 

তিনি বলেন, কবিতা লেখার পর কারো কাছ থেকে প্রশংসা পাওয়াটাই আমাকে বেশ উৎসাহিত করেছে।

 

তিনি বলেন, আজকে যারাই লেখালেখিতে উঠে এসেছে (বেশ কয়েকজন কবির নাম উল্লেখ করে) তাদের সবাই লিটল ম্যাগ থেকেই উঠে এসেছে। তারমতে লিটল ম্যাগ মুভমেন্ট একজন তরুন কবির জন্য খুবই জরুরী কারণ এটা তাদের মেরুদন্ডটাকে সোজা করে দেয়। আমি নিজে লিখব আবার নিজেই ছাপবো। সেখানে সম্পাদকের তোয়াজটা থাকবে না।

 

তিনি বলেন, কবিতা বাস্তব থেকে অনেক দুরে নিয়ে যায়, কবিতা একটা ঘোরের জগৎ, কবিতা হচ্ছে মহাকাশের কৃষ্ণ গহবর। আসলে কবিতা কি তা কোন নিদিষ্ট কিছু না। তবে কবিতা লড়াইয়ের অংশ। যা আমি সাদা কাগজে অক্ষরের উপর অক্ষর সাজিয়ে একধরণের খেলায় মেতে উঠি। 

 

কবি বলেন, শৈশব নানাভাবে আমাদের জীবনের উপর একটা প্রভাব ফেলে। শৈশবে আমরা কীভাবে বেড়ে উঠছি তার উপর আমাদের অনেক কিছু নির্ভর করে। শিশুরা বই থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে আমরা সেটা বের না করে শুধু তাদের দোষ দিচ্ছি। এর কোন সলিউশন দিচ্ছি না।

 

অনুষ্ঠানে তিনি তার লেখা বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন