Logo
Logo
×

বিশেষ সংবাদ

কাঁদছিল বলে দেড় বছরের ছোট বোনকে পানিতে ফেলতে বলছিল সঙ্গীরা

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পিএম

কাঁদছিল বলে দেড় বছরের ছোট বোনকে পানিতে ফেলতে বলছিল সঙ্গীরা
Swapno

যুগের চিন্তা’র টকশোতে যুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে শিখা চক্রবর্তী বলেন, আমরা যখন নৌকায় করে পালাচ্ছি তখন আমার ছোট বোনের বয়স দেড় বছর, তার তখন হাম হয়েছিল। যখন পাকিস্তানী মিলিটারীরা সামনে দিয়ে যাচ্ছিল তখন আমার ছোট বোন প্রচন্ডভাবে কাঁদতে ছিল। তখন নৌকায় থাকা অন্যান্য পরিবারের লোকেরা বললো বাচ্চাটাকে পানিতে ফেলে দেন। তা নাহলে কান্নার শব্দে আমরাও মিলিটারীদের কাছে ধরা পড়ে যাব। তখন আমার মা তাকে বুকে জড়িয়ে ধরে অনেক চেষ্টার পর কান্না থামে। এভাবেই মুক্তিযুদ্ধের বিভিন্ন রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দেন একাত্তরের দুই বীর সৈনিক মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন আহমেদ আনজু ও নারী বীর মুক্তিযোদ্ধা শিখা চক্রবর্তী।

 

সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত যুগের চিন্তা’র সাপ্তাহিক আয়োজন ‘হ্যালো নারায়ণগঞ্জ’এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ধরণের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন এই দুই মুক্তিযোদ্ধা। এই আয়োজনের আলোচ্য বিষয় ছিল ‘রণাঙ্গনে নারায়ণগঞ্জ’।

 

গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন আহমেদ আনজু বলেন, আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি তখন যুদ্ধ শুরু হলে বঙ্গবন্ধু’র ডাকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। তখন আমি ছাত্রলীগ করি।

 

যুদ্ধে বিভিন্ন অপরেশনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ’৭১ এর আগস্ট মাসে আমরা ৬/৭জনের একটি দল সাথে করে স্টেনগান নিয়ে নৌকায় চড়ে মুন্সিগঞ্জের রামপাল এলাকায় আমাদের টার্গেটে পৌছলাম। সেখানকার এক মাদবরের বাড়িতে উঠি।

 

তিনি বলেন, সেখানে যখন আমরা খাবার খাচ্ছি তখন হঠাৎ করে ‘বুম’ করে অনেক উচ্চস্বরে একটি শব্দ হলো। আমরা যার বাসায় ছিলাম তার একটি কোল্ড স্টোরে আমরা আমাদের সমস্ত অস্ত্র রেখেছিলাম। তখন সেই বাড়িওয়ালা মাথায় হাত দিয়ে বসে পড়ে বললো আমি শেষ। তিনি মনে করেছেন, তার কোল্ড স্টোরে রাখা আমাদের অস্ত্রে কোন ধরণের বিস্ফোরণ ঘটেছে।

 

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, আমরা তখন দ্রুত নৌকায় করে কোল্ড স্টোরে গিয়ে দেখি সেখানে কোন প্রকার সমস্যা হয়নি। পরে জানতে পারি চাষাঢ়া রেল ব্রিজে যে বিস্ফোরক লাগানো হয়েছিল সেখানে পরিমানের তুলনায় বেশী বিস্ফোরক হওয়ায় তার শব্দ মুন্সীগঞ্জ থেকেও শোনা যায়।

 

তিনি বলেন, আমরা অপারেশনের যে নৌকায় করে গিয়েছি সেই নৌকার মাঝি আমাদের অস্ত্র দেখে ভয় পেয়ে এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দিতে আকুতি শুরু করে। সে এই এলাকা ছেড়ে চলে যাবে বলে অঙ্গীকার করলে আমরা আরেকটি নৌকা ডেকে তাকে ছেড়ে দেই। পরের নৌকার মাঝি ছিল অল্প বয়সের একটি ছেলে।

 

তিনি বলেন, অপারেশনের টার্গেটকে লক্ষ্য করে আমরা একটি দোতলায় পৌছি। দোতলায় উঠে দেখি দড়জাটা আলগা করে রাখা। আমরা রুমে ঢুকে দেখি ছয়জন রাজাকার মেঝেতে ঘুমাচ্ছে। তখন আমরা তাদের আটক করি। চারদিকে খবর পৌছে যায় যে মুক্তিযোদ্ধারা রাজাকারদের উপর আক্রমন করেছে। তখন পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। 

 

তখন আমাদের সাথে থাকা অল্প বয়সের মাঝিটি তাদের গোঁফ ধরে টেনে জয়বাংলা বলতে বলে। তখন তারা সাথে সাথে ব্যথায় কুকড়ে উঠে জয়বাংলা বলতে থাকে। আমরা তখন তাদের গুলি করে শেষ করি।

 

এই সময় তিনি তার যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ধরণের রোমহর্ষক বর্ণনা দেন। 

 

নারী বীর মুক্তিযোদ্ধা শিখা চক্রবর্তী বলেন, যুদ্ধকালীন সময় আমি মগ্যার্ন স্কুলের ছাত্রী ছিলাম তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তখন আমাদের বাসা ছিল আমলাপাড়া। আমার বাবা মেরিনের একজন উচ্চপদস্ত কর্মকর্তা ছিলেন। বাবা বললো মিলিটারী চলে আসতাছে আমাদের সবাইকে দ্রুত পালাতে হবে।

 

তিনি বলেন, আমরা একটি বালতির মধ্যে রান্না করা ভাত, তরকারীসহ প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে ঘরে তালা দিয়ে কোন রকমে আমরা ছয় ভাইবোনসহ পালাতে লাগলাম।  তখন আমরা বন্দরের কাইকারটেক এলাকা দিয়ে সোনারগাঁয়ের কাজীরগাও নামক গ্রামের এক আত্মীয়ের বাড়িতে উঠলাম।

 

তিনি বলেন, পরের দিন আমরা আরো কয়েকটি পরিবারসহ কাজীরগাও থেকে হেটে নদী ঘাটে পৌছে একটি নৌকায় করে উদ্দেশ্য বিহীন চলতে লাগলাম। হঠাৎ করে আর্মির বুটের শব্দ পেয়ে আমার বাবা মা ভয়ে আমাকে নৌকার পাঠাতনের নিচে লুকিয়ে রাখে। তখন মিলিটারীদের মেয়েদের প্রতি লোভ ছিল বেশী।

 

তিনি বলেন, তখন আমার দেড় বছরের ছোট বোন কাঁদতে থাকায় অন্য পরিবারের লোকেরা তাকে পানিতে ফেলে দিতে বলে। এভাবে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা নৌকায় করে আমরা কুমিল্লার রামচন্দ্রপুর এলাকায় পৌছি। নৌকা থেকে নেমে দীর্ঘক্ষণ হাটার পর সেখানকার রশিদ নামের এক কৃষক আমাদের তার বাড়িতে জায়গা দেয় ও খাবার দেয়।

 

তিনি বলেন, রাতের বেলা হঠাৎ করে ছয় সাতজনের একটি ডাকাতের দল তাদের বাড়িতে এসে রশিদ মিয়াকে বলল, আপনার এখানে হিন্দু পরিবার জায়গা দিয়েছেন তাদের সাথে সুন্দরী একটি মেয়েও আছে। রশীদ মিয়া তা অস্বীকার করেন।

 

তিনি বলেন, রশিদ মিয়া তাদের শব্দ পেয়ে বেড়ার ফাঁক দিয়ে তাদের যখন দেখতে পায় তখনই আমাদের রুমে এসে আমাকে কম্বল দিয়ে প্যাঁচিয়ে রাখে এবং আমার মায়ের হাতের শাঁখা সিঁদুর সরিয়ে ফেলে আমার বাবার মাথায় একটি টুপি পড়িয়ে দেয়। 

 

তিনি বলন, ডাকাতরা ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলে রশিদ মিয়া বলেন এটা আমার দ্বিতীয় স্ত্রী এবং এটা আমার বড় ভাই। তারা জিজ্ঞেসে করে এখানে কোন মেয়ে নাই? রশিদ মিয়া বলেন ‘না’। তখন ডাকাতরা বলে আপনি কোরআন মাথায় ও বুকে নিয়ে বলেন, তখন রশিদ মিয়া তাদের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য কোরআন মাথায় ও বুকে রেখে বলেন, আমি কোন হিন্দু পরিবার জায়গা দেইনি। তখন ডাকাতের দল বিশ্বাস করে চলে যায়।

 

এই নারী মুক্তিযোদ্ধা বলেন, যখন আমার মা রশিদ মিয়াকে জিজ্ঞাসা করে দাদা আপনি আমাদের হিন্দু পরিবারকে বাঁচানোর জন্য কোরআন নিয়ে বললেন ! রশিদ মিয়া বললেন, আমি এতগুলি মানুষের প্রাণ বাঁচাতে পারছি, আমার মায়ের প্রাণ এবং ইজ্জত আমি বাঁচাতে পারছি। এর চেয়ে বড় কোরআন আমার আর নাই।

 

এই বীর মুক্তিযোদ্ধা বলেন, সকাল বেলা রশিদ মিয়া একজন দালাল ধরে তাদের হাতে আমাদের তুলে দিয়ে বললেন, তার সাথে আপনারা আগরতলা যেতে পারবেন। পরে আমরা জানতে পারি সে লোকটিও ডাকাত। রশিদ মিয়া জানতেন না যে, সে ডাকাত।

 

তখন তিনি বলেন, ঐ ডাকাতের ছেলে আমাদের বলল, আমার আব্বা খুবই খারাপ লোক, আপনারা তাদের সাথে যাবেন না। আমি আপনাদেরকে রশিদ মিয়ার বাড়িতেই আবার নিয়ে যাব। সামনে মিলিটারী আছে এখান দিয়ে যেতে পারবেন না। সকাল বেলা ঐ ডাকাতের ছেলে আমাদের আবার রশিদ মিয়ার বাড়িতে পৌছে দিল। পরে রশিদ মিয়ার মাধ্যমে আরেক দালালের মাধ্যমে আমরা আগরতলা পৌছলাম।

 

এ সময় তিনি তার যুদ্ধকালীন বিভিন্ন রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন