‘মুক্তির পিতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ পিএম
বঙ্গবন্ধুকে নিয়ে আসমা সরকারের লেখা ‘মুক্তির পিতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে লেখকের নিতাইগঞ্জস্থ বাসভবনে ঘরোয়াভাবে এ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পক্ষে মিছিলরত কাজী ফরিদা ইয়াসমীনের ছবি অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন দন্ত্য 'স'।
এয়ারপোর্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা আসমা সরকার ১৯৭০ সালের ২৭ নভেম্বর কুমিল্লার বাতাকান্দি গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়িতে জন্মগ্রহন করেন।
ছোটবেলা ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও, ১৯৮৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করার পর দাদা গভর্নর জহরুল হক সরকারকে দেখে উৎসাহিত হয়ে উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগে ভর্তি হন এবং ১৯৮৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।
তিনি ইডেন কলেজে থেকে অর্থনীতিতে স্নাতক শেষে শিক্ষকতা পেশায় যুক্ত হন। ইডেন কলেজে অধ্যায়নকালে তিনি জড়িয়ে যান থিয়েটারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে। লেখালেখির শুরুও সে সময় থেকে।
তাঁর লেখা কাব্যগ্রন্থ- মুক্তির আহ্বান, সত্যের জয়গান, প্রেরণার উদ্যান, উপন্যাস- বড় মেয়েবর এবং ছোটদের জন্য- গল্পে ছড়ায় শিশুর মেলা, তারার মেলায় ছড়ার খেলা ইত্যাদি উল্লেখযোগ্য।
শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ধাবমানের সম্পাদক ও কবি কাজল কানন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


