Logo
Logo
×

বিশেষ সংবাদ

এমপি বাবু দ্য গ্রেট লিডার

Icon

সীমান্ত প্রধান

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১০:০৭ পিএম

এমপি বাবু দ্য গ্রেট লিডার
Swapno

একদিকে দল গুছানো অন্যদিকে উন্নয়নÑ উভয় দিকেই সমানতালে স্বাক্ষর রেখে চলেছেন নারায়ণগঞ্জ (আড়াইহাজার)-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কাছে অত্যন্ত দক্ষ একজন সংগঠক হিসেবে তিনি পরিচিত। অন্যদিকে আড়াইহাজারে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থার প্রতীক।



আড়াইহাজার উপজেলা ঘুরে বিভিন্ন জনের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, বর্তমানে এখানে যতটা উন্নয়ন হয়েছে এতটা কখনই তারা কল্পনা করেননি। তাদের মতে, নজরুল ইসলাম বাবু এমপি হওয়ার পর আমূল পরিবর্তন হয়েছে আড়াইহাজারে। জমির দামও বেড়েছে পূর্বের থেকে বহুগুণ। বেকারত্ব কমেছে।

 

শিক্ষার প্রসারও বেড়েছে এই উপজেলাতে। সামনের দিকে মেঘনা দ্বিতীয় সেতু নির্মাণ হলে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি একদমই পাল্টে যাবে। এছাড়াও দুই লাখ মানুষের কর্মস্থল হবে এখাকার অর্থনৈতিক জোনে। এই অর্থনৈতিক জোন নিজেদের জন্য আশীর্বাদ বলেই মনে করেন স্থানীয়রা।



অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ থেকে শুরু করে ক্ষমতাসীন এই দলটির প্রতিটি সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বলছেন, পূর্বে কখনই তারা এতটা সংগঠিত ছিলেন না। বর্তমানে নজরুল ইসলাম বাবুর কারণে প্রতিটি কমিটি হচ্ছে। সাংগঠনিকভাবে ভিত তৈরি হচ্ছে।

 

নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছেন নজরুল ইসলাম বাবু। এছাড়াও এখানে দলগত তেমন কোনো কোন্দল নেই। তবে, নারায়ণগঞ্জের সুবিধা ভোগি কতিপয় কয়েকজন নেতা নিজেদের স্বার্থের জন্য আড়াইহাজারে কোন্দল সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে নেতাকর্মীদের।


গত ১৪ ডিসেম্বর আড়াইহাজার উপজেলা সরেজমিনে ঘুরে দেখা হয় এই প্রতিবেদকের। উপজেলার সার্বিক পরিস্থিতি ঘুরে ঘুরে দেখে এবং স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে আলাপ শেষে সাক্ষাৎ করা হয়েছিল নারায়ণগঞ্জ (আড়াইহাজার)-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সাথে। তিনি স্কুল পর্যায় থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে জামায়াত-বিএনপির আমলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেসময় তার বিরুদ্ধে অসংখ্য ‘মিথ্যা মামলা’ দায়ের হয় এবং দীর্ঘ নয় মাস তিনি কারাবন্দিও ছিলেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ দেশব্যাপী ছাত্রলীগকে আরও সুসংগঠিত করেন বলে জানা যায়।


এছাড়াও নজরুল ইসলাম বাবু ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম গ্রেনেড হামলার শিকার হয়ে সারা শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্রিন্টার বয়ে বেড়াচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য একজন ব্যক্তি। আর নজরুল ইসলাম বাবুও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে চীর কৃতজ্ঞ।

 

তিনি আমার প্রতি আস্থা রেখেছেন। আমি তার আস্থার মর্যাদা রাখার চেষ্টা করছি মাত্র। তিনি যদি আমাকে স্নেহ না করতেন, ভালো না বাসতেন তাহলে আড়াইহাজের এত উন্নয়ন করা কখনই সম্ভব হতো না। পুরো আড়াইহাজারবাসীর পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আজীবন ঋণি।”



নজরুল ইসলাম বাবু বলেন, “আমি ছোটবেলা থেকেই রাজনীতি করা মানুষ। সাংগঠনিক কর্মকাণ্ড করতে করতেই বড় হয়েছি। তাই আমি উন্নয়নের পাশাপাশি আড়াইহাজার আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টা করেছি। সে লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়নের সম্মেলনের পরিসমাপ্তি করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করেছি অত্যন্ত জাঁকজমকভাবে।

 

এখানে মেয়র আইভী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে জেলা কমিটির ৪৫ জন নেতা এসেছিলেন এই সম্মেলনে। এছাড়াও এখানে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ থেকে শুরু করে প্রতিটি সংগঠনের কমিটি গঠন করেছি। প্রতিটি সংগঠনের জন্য আলাদা আলাদা বই করা হয়েছে। সেখানে একজন সাধারণ সদস্যর নম্বরও আছে। যাতে সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারে সে লক্ষ্যেই এই বই করা।”



তিনি বলেন, “গত একযুগ ধরে আড়াইহাজারে কোনো রাজনৈতিক সহিংসতা ঘটেনি। দলীয় শৃঙ্খলা পুরোপুরি বজায় থাকার কারণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে কোনো মতভেদ সৃষ্টি হয়নি। এ কারণে স্থানীয় নির্বাচনে প্রতিটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। আমার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনগুলো সুসংগঠিত হয়েছে। তবে, নারায়ণগঞ্জের গুটি কয়েক কতিপয় নেতা বাচ্চু এবং ইকবাল পারেভেজের মাধ্যমে সুবিধা নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন।

 

কিন্তু তাদেরকে দলীয় নেতাকর্মীরা আস্তাকুঁড়ে ছুড়ে দিয়েছে। তারা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছি।”


শিক্ষাখাতে ব্যাপক কাজ করে যাচ্ছেন নজরুল ইসলাম বাবু। তিনি নিজেও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি উপজেলার বহু কলেজ, স্কুলকে তিনি এমপিওভূক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। মেধা ও শ্রমের বিনিময়ে আড়াইহাজার উপজেলার বহু রাস্তা উন্নত হয়েছে। কাঁচা রাস্তাকে তিনি পাকা করেছেন।

 

স্কুল কলেজ মাদরাসার সার্বিক উন্নয়ন সাধন করেছেন এই নেতা। নির্মাণ করেছেন আন্তর্জাতিক মানের ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট। আত্মনির্ভশীলতার মাধ্যম পুষ্টি সমস্যা সমাধান ও মানবসম্পদ উন্নয়নসহ এ সংক্রান্ত নানামুখি প্রশিক্ষণকল্পে কৃষি মন্ত্রনালয়ের আওতায় নির্মিত এই প্রতিষ্ঠানটি এমপি বাবুর একটি স্বপ্নের বাস্তবায়ন।


সূত্র জানায়, ধান গবেষণা ইনস্টিটিউটের আদলে এটি নির্মিত হলেও পর্যায়ক্রমে নির্মাণ করা হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ভ্রমণপিপাসুদের জন্য নানামুখি কার্যক্রম। ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউটের এটিই প্রধান কার্যালয়। এর নির্মাণ কাজ হচ্ছে নয়টি ভাগে। ২০১২ সালে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে একশ’ একর জমি হুকুম দখল এবং হুকুম দখলকৃত ৭০ একর জমিতে ২৮ কোটি ৯১ লাখ টাকার বালু ভরাট হয়েছে।

 

নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য ২ কোটি ৮১ লাখ টাকায় ভাঙ্গন রক্ষা বাঁধ এবং ৭ কোটি টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এখানে ১০ তলা প্রশাসনিক ভবন, ৬ তলা ভিত্তিসহ ৪ তলা ট্রেনিং ও একাডেমিক ভবন, ৬ তলা ভিত্তিসহ ৪ তলা স্কুল কাম কলেজ ভবন এবং প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শ্বে নির্মিত হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের জন্য ১০ হাজার স্কয়ার ফিটের ডরমেটরি ভবন।

 

এছাড়াও ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তিসহ ১৩ হাজার ২শ স্কয়ার ফিটের এক তলা মসজিদ নির্মাণ করা হয়েছে বিয়ে শাদীসহ যেকোন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য ৫ কোটি টাকা ব্যয়ে ৩২ হাজার স্কয়ার ফিটের একটি পাবলিক প্লাজা নির্মাণ প্রক্রিয়াধীন। পরিচর্যা করা হচ্ছে দুইটি খেলার মাঠেরও। পর্যটকরা যাতে মেঘনা নদী থেকে সরাসরি ইনস্টিটিউটে আসতে পারে সেজন্য ডেকভিউ  নির্মাণ প্রস্তাবনায় রয়েছে।



নজরুল ইসলাম বাবু বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবাসেন, আমাকে স্নেহ করেন বলেই আড়াইহাজারে ব্যাপক উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে। তিনি এতটা সহযোগিতা না করলে এই উন্নয়ন কখনই সম্ভব হতো না। পুরো আড়াইহাজারের চিত্রই তিনি পাল্টে দিয়েছেন। আমি কেবল তার দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমরা আড়াইহাজারবাসী তার কাছে চীরকৃতজ্ঞ।”



তিনি আরও বলেন, “এখানে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন হচ্ছে। এটি নির্মাণ সম্পন্ন হলে এখানে অন্তত দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া মেঘনার উপর দিয়ে দ্বিতীয় মেঘনা সেতু হবে। একনেকে এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ৭ হাজার ১শ ৯৪ কোটি টাকা এর জন্য বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। ২ হাজার ৭৫০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুটির টেন্ডার শিগগিরই দেওয়া হবে। আশা করা যায় ২০২৩ সালের মধ্যে এটি নির্মাণ সম্পন্ন হবে। এই সেতু নির্মাণ হলে পুরো আড়াইহাজারের চিত্র একদম বদলে যাবে।”



সূত্রে জানা গেছে, ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে (জ-২০৩) মেঘনা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের ফলে মহাসড়ক ঘ১০২ (কুমিল্লা- সিলেট মহাসড়ক) এর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশের পূর্বাঞ্চলের সার্বিক দৃশ্যপট এর পরিবর্তন ঘটবে; যা ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া- সিলেট রুটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে এবং এশিয়ান হাইওয়ে এর সাথে যুক্ত হয়ে আগরতলা (ভারত) পর্যন্ত সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।  



এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মতে, বর্তমানে আড়াইহাজার আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণিত হয়েছে। নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে নৈপূণ্যতায় একমাত্র এটা সম্ভব হয়েছে। ইতোপূর্বে এখানে আওয়ামী লীগ এতটা শক্তিশালী ছিল না।



নজরুল ইসলাম বাবু বলেন, “এখানে প্রতিটি সংগঠনেরই কমিটি আছে। ১০৮টি ওয়ার্ড কমিটি আছে সকল সংগঠনের। এমনকী এখানে প্রতিটি নেতাকর্মী তথা তৃণমূল পর্যন্ত সবার নম্বর আমাদের সবার কাছেই আছে। এখানে নিয়ম মোতাবেক নেতৃত্বের পরিবর্তন ঘটবে। যুগে যুগে একই কমিটি থাকবে তা হবে না। নতুন নেতৃত্ব আমরা সৃষ্টি করবো। এবং সময় মত প্রতিটি কমিটি সম্মেলনের মাধ্যমেই হবে।”



তিনি বলেন, “শুধু আড়াইহাজারবাসী না শুধু, নারায়ণগঞ্জের মানুষও কখনও কল্পনা করেনি আড়াইহাজারে এতটা উন্নয়ন হবে। এখানে ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট, এ্যাগরি কালচার ট্রেনিং ইনস্টিটিউট, অর্থনৈতিক জোন, মেঘনা সেতুতে ফেরি চলাচল শুরু করেছি, ১৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে দ্বিতল, তৃতীয় এবং চতুর্থ তলা পর্যন্ত একাধিক ভবন নির্মাণ, ১৭টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করে নিয়েছি, আগে ১৬টি হাই স্কুল এখন আমরা ৩৭টি করেছি। অসংখ্য স্কুল কলেজকে এমপিওভূক্ত করেছি যা কোনো জেলায় উপজেলায় এতটা আর হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আদর, স্নেহ, মমতা আমাকে দিয়েছেন বলেই এসব উন্নয়ন করা সম্ভব হয়েছে।”



জেলা আওয়ামী লীগ তথা শহরকেন্দ্রিক রাজনীতির কোন্দলকে নজরুল ইসলাম বাবু ব্যক্তি রেষারেষি হিসেবেই দেখছেন। সেন্ট্রালে রাজনীতি করে আসা এই নেতা জেলার রাজনীতি করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নে স্পষ্ট করেই জানিয়েছেন, এমন ইচ্ছে তার নেই।

 

তবে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্বই তাকে দিবেন তিনি সেই দায়িত্বই পালন করবেন। এক্ষেত্রে যদি জেলাতে হয় জেলাতে, যদি একটি ওয়ার্ড হয় ওয়ার্ডেই দায়িত্ব পালন করবেন তিনি। তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। বঙ্গবন্ধু কন্যাই তার একমাত্র অভিভাবক। তিনি যা ভালো মনে করবেন তাই তিনি মাথা পেতে নিবেন বলে জানান।



নজরুল ইসলাম বাবু বলেন, “আড়াইহাজার যেসব উন্নয়ন আমি করতে চেয়েছি সবগুলোই সম্পন্ন হয়েছে। তবে, আরও উন্নয়ন করতে হবে। পরিধি বাড়াতে হবে। রাস্তাগুলোর আরও অধিকতর উন্নয়ন করতে হবে। এখানে মেডিক্যাল কলেজ করার স্বপ্ন আছে। চেষ্টা চালাচ্ছি। এখানে কারিগরি শিক্ষা কেন্দ্র করতে চাচ্ছি।

 

এখানে মহিলা প্রশিক্ষন ইনস্টিটিউট করেছি। এটা কিন্তু জেলা পর্যায়ে নেই। আমি করতে সক্ষম হয়েছি। আড়াইহাজারের পরিবর্তন বলতে বুঝি এখান থেকেই অর্থনৈতিক মুক্তি শুরু হবে। আড়াইহাজারে একটা ডাকাত জোন ছিল। আমি এমপি হওয়ার ছয় মাসের পর থেকেই আল্লাহর রহমতে এটা রোধ করতে পেরেছি। কদাচিৎ কোনো ঘটনা যদি ঘটে সেটা হাইওয়েতে হয়। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী এ ব্যাপারে তৎপর রয়েছে। গ্রেফতার হচ্ছে।”



তিনি আরও বলেন, “আমি এমপি হওয়ার আগে এখানে ৩৮ শতাংশ প্রাইমারি শিক্ষার হার ছিল বর্তমানে তা শতভাগে নিয়ে এসেছি। এখানে বেকারত্ব সমস্যা নেই বললেই চলে। অর্থনৈতিকভাবে আড়াইহাজারের মানুষ মোটামুটি সাবলম্বী। মেঘনা সেতুর বরাদ্দ পাশ হয়েছে। বর্তমানে ঢাকা আর আড়াইহাজার একই। সেতু নির্মাণ সম্পন্ন হলে এই চিত্র আরও বেশি পরিবর্তন হবে।”
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন