লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম
নারায়ণগঞ্জ লিংক রোড (চাষাঢ়া- সাইনবোর্ড)কে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প প্যাকেজ কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (০৯ ডিসেম্বর) আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে (অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ লিংক সড়ক (আর-১১১) (সাইনবোর্ড-চাষাঢ়া) ছয় লেনে উন্নীতকরণ শীর্ষক একটি প্রকল্পের প্যাকেজের কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৬৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯০৭ টাকা।
অতিরিক্ত সচিব জানান, সর্বনিম্ন দরদাতা হিসেবে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তাহের ব্রাদার্স লিমিটেড এবং হাসান টেকনো ব্রাদার্স লিমিটেড। লিড পার্টনার হিসেবে থাকবে তাহের ব্রাদার্স লিমিটেড।
তিনি জানান, চলতি অর্থবছর রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজ থেকে ৮ম লটে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রত্যাশাগত অনুমোদন প্রস্তাব করা হয়। ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকায় এ সার আনা হবে।
তিনি আরও জানান, চলতি অর্থবছর রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরবের এসএবিআইসি থেকে ৯ম লটে ২৫ টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির প্রত্যাশাগত অনুমোদন প্রস্তাব করা হয়েছে। ৫৫ কোটি ৯০ লাখ ৭৭ হাজার টাকায় এ সার আনা হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজিং ও আনুষঙ্গিক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। ৭২৬ কোটি ১০ লাখ ১৯ হাজার টাকায় এ কাজ করা হবে।
তিনি জানান, বিআইডব্লিউটিএ কর্তৃক বাস্তবায়নাধীন ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেজ ম্যাটেরিয়াল ক্যারিং বার্জসহ ১টি পন্টুন মাউন্টেড গ্রাব ড্রেজার সংগ্রহের (প্যাকেজ-১৯, লট-০১) ক্রয়প্রস্তাব। ২৭৩ কোটি ৭৫ হাজার ৭৯২ টাকা পিএলএম ডিভি নেদারল্যান্ডের প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে।
(তথ্য সূত্রে জাগো নিউজ)


