চাষাঢ়ায় ফুটওভার ব্রিজ নির্মাণে কাউন্সিলর খোরশেদ’র আবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম
চাষাঢ়া গোল চত্বর এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র বরাবর আবেদন করেছে নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর প্রধান সমন্বয়কারী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এক বার্তায় ৬ ডিসেম্বর লিখিত আবেদন করা হয়েছে বলে জানান ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর এডমিন রানা মুজিব।
বার্তায় উল্লেখ জানানো হয়, চাষাঢ়ার এই গোল চত্বর এলাকাটি শহরের ২নং রেলগেট, সাইনবোর্ড ও আদমজী ইপিজেড এলাকাকে পরস্পর সংযুক্ত করে। স্থানটি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ ও প্রস্থানের জন্য একমাত্র রাস্তা।
গুরুত্বপূর্ণ এই সড়কে সারাদিনে লক্ষাধিক কর্মজীবীসহ ছাত্র-ছাত্রী ও জনসাধারণ যাতায়াত করে। রাস্তাটিতে কোন ফুটওভার ব্রীজ না থাকায় একদিকে জনসাধারণকে যেমন ঝুঁকিপূর্ণ ভাবে সড়ক পারাপার হতে হয়। তেমনি সড়ক পারাপার করতে থাকা মানুষের তীব্র ভীড়ে গাড়িচালকদের এক্সালোটর থেকে ব্রেক কষতে বেশি মনোযোগ দিতে হয়। যার ফলে যানবাহনের ধীরগতির পাশাপাশি নগরজুড়ে সারাদিনই কম বেশি যানজট লেগে থাকে।
হাসপাতাল, কাঁচাবাজার, পাইকারি মার্কেটসহ যে কোন প্রয়োজন মেটানোর জন্য বেশিরভাগ নগরবাসীকে এই বঙ্গবন্ধু সড়কই ব্যবহার করতে হয়। একটি সড়ককে কেন্দ্র করে বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠায় সবসময় এখানে যানবাহন ও জনসাধারণের জটলা লেগে থাকে। যা নিরসনে ফুটওভার ব্রিজ সহায়ক হতে পারে।
কাউন্সিলর খোরশেদ কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্রটি নাসিক মেয়রের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সদর থানা নির্বাহী প্রকৌশলী বরাবরও প্রেরণ করা হয়।
আবেদনপত্রে খোরশেদ বলেন, 'নারায়ণগঞ্জ একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর হওয়া সত্ত্বেও মাত্র একটি প্রধান সড়ককে কেন্দ্র করেই শহরের কার্যক্রম গড়ে উঠেছে। ফলে কয়েকবছর ধরে প্রায় সারাদিনই নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডে যানজটে নগরবাসীর নাকাল অবস্থা। ভয়াবহ যানজট থেকে মুক্তি ও জনসাধারণের নিরাপদ রাস্তা পারাপারের জন্য চাষাঢ়া মোড় বা চৌরাস্তাকে কেন্দ্র করে একটি ফুট ওভার ব্রীজ এখন সময়ের দাবী।
তিনি আরও বলেন, সাইনবোর্ড এলাকায় প্রতিদিন কমপক্ষে লক্ষাধিক মানুষ পারাপার হয় এবং অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে। আদমজী ইপিজেড কর্মস্থলে কাজ শুরু ও ছুটির সময় লক্ষাধিক শ্রমিকের রাস্তা পারাপারের সময় যানজট সৃষ্টি হয়।


