বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিন দিনের কর্মসূচি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম
মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার জেলা প্রসাশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় অনলাইল/ই-মেইল/ডাকযোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাষাড়া বিজয় স্তম্ভে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রদীপ প্রজ্জ্বলন।
১৫ ডিসেম্বর বিকাল তিনটায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতা এবং ফতুল্লার পঞ্চবটির ৭১ এর বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণ। ১৫ ডিসেম্বর রাত থেকে ১৬ ডিসেম্বর রাত পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্ব স্ব উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থানসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বার সজ্জিতকরণ।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাষাড়া বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে নয়টায় ভর্চুয়ালি ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা’।
সকাল ১০ টায় স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, শিশুসদন, এতিম খানা ও সরকারি আশ্রয় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন। বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ প্রার্থনা।
তাছাড়া সুবিধাজনক সময়ে অনলাইন সুবিধা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়ালি মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিনদিনের এ আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রাশাসক মো. জসিম উদ্দিন।


