মুত্তিযুদ্ধই প্রমাণ করেছে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না
লতিফ রানা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম
বৃটিশরা ভারত বর্ষকে ধর্মের ভিত্তিতে দ্বি-জাতিতে ভাগ করলেও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে ধর্মের ভিত্তিতে কখনো রাষ্ট্র হতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা ও ঐতিহাসিক বেতিয়ারা রণাঙ্গনের সাহসী যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
বুধবার (২ ডিসেম্বর) যুগের চিন্তা’র আয়োজনে সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টক শো ‘হ্যালো নারায়ণগঞ্জ’এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই দুই বীর মুক্তিযোদ্ধা এ ধরণের উক্তি করেন।
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা বলেন, যখন আমি দশম শ্রেণি’র ছাত্র তখন ছয়দফা আন্দোলন চলে, আমি তোলারাম কলেজের ছাত্র থাকা অবস্থায় ’৬৯এর গণ আন্দোলন চলে।
তিনি বলেন, সে সময় আমাদের এলাকার এক নেতা আমাদের বললেন, তোমরা ছাত্রলীগের যারা আছো তারা মিলে রিলিফ তুলে চলো বঙ্গবন্ধু’র বাসায় যাই। তখন তার সাথে আমরা ১৫জন ছাত্র দলগতভাবে বঙ্গবন্ধু’র বাসায় গেলাম।
তিনি বলেন, তখন বঙ্গবন্ধু’র সাথে আমরা মুরাদ নগর যাই। এভাবে তার সাথে সময় দিতে গিয়ে রাজনীতির সাথে আরো জড়িত হয়ে পড়ি।
এই মুক্তিযোদ্ধা বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর আমরা আমরা যুদ্ধে যাওয়ার উদ্দেশ্যে বেশ কয়েকজন মিলে মিটিং করলাম। ২ মে আমরা ৫০ জন একত্রে মিলিত হয়ে মুত্তিযুদ্ধের প্রশিক্ষণের উদ্দেশ্যে রওয়ানা হলাম। তিনি বলেন তখনকার সাড়ে ৭কোটি মানুষের মধ্যে ৭ কোটি মানুষই যুদ্ধের পক্ষে ছিলেন।
এ সময় তিনি আগরতলা যাওয়ার পথের বিভিন্ন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, আমি জন্মগ্রহন করেছি নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত গোদনাইলে। গোদনাইল এলাকার শিল্প, রাজনীতি ও আন্দোলনের ঐতিয্য আছে। তিনি বলেন, বৃটিশ আমল থেকেই গোদনাইলের শ্রমিকরা তাদের রুটি রোজগারের জন্য লড়াই করে আসছে।
এ সময় তিনি গোদনাইল এলাকার বেশ কিছু নেতার নাম উল্লেখ করে বলেন, আমরা সবাই জানি কোন পরিস্থিতিতে পাকিস্তান ও ভারতের জন্ম হয়েছিল। বৃটিশ শাসক গোষ্ঠীর দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বি-খন্ডিত হয়।
এই মুক্তিযোদ্ধা বলেন, পূর্ব পাকিস্তানে লোক সংখ্যা বেশী হওয়ার পরও পশ্চিম পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্র ভাষা ঘোষণা করে। তখন থেকেই আমাদের দেশের সব শ্রেণি’র মানুষ তার প্রতিবাদ করে।
তিনি বলেন, ’৭১-এ আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। তখন মার্চের এক তারিখে সমস্ত ছাত্র হোস্টেলগুলো বন্ধ হয়ে যায়। সে কারণে আমাদের হোস্টেলে থাক সম্ভব ছিল না। তখন আমি লেখালেখি’র সাথে ছিলাম।
এ সময় তিনি ২৫মার্চ রাত নয়টার দিকে দৈনিক সংবাদের খেলাঘরের অফিসে থেকে আসার সময়ে ঢাকার পরিস্থিতির বিবরণ দেন। তখন রাত্রের শেষ বাসে চড়ে আমরা নারায়ণগঞ্জে চলে আসি।
তিনি বলেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন থেকেই ভাবতে শুরু করলাম কিভাবে যুদ্ধে যাওয়া যায়। এপ্রিলের প্রথম দিকে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত দুই নেতা আমাকে যুদ্ধে যাওয়ার প্রস্তাব দেয়। অমি বড় ছেলে হওয়ায় আমার পরিবার থেকে আমাকে যেতে দিতে রাজি হয়নি।
এ সময় যুদ্ধকালীন বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই দুই বীর মুক্তিযোদ্ধা।


