হেলমেট না থাকলেও তেল দিচ্ছে ফিলিং স্টেশন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৬:২৬ পিএম
প্রায় দু’বছর আগে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকাসহ উত্তাল হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের রাজপথ। অবিস্মরনীয় ওই ছাত্র আন্দোলনে সড়ক আইনে বেশ কিছু পরিবর্তনও আনে সরকার। সেই সূত্র ধরেই হোন্ডারোহীদের হেলমেট ব্যবহারে কার্যকরী সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
নির্দেশনা ছিলো, হেলমেট ছাড়া ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারবে না বাইকাররা। সেই নির্দেশনা বাস্তবায়নে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ছিলো কঠোর।
হেলমেট ছাড়া কোনো ভাবেই তেল মিলতো না জেলার ফিলিং স্টেশনগুলোতে। শুরুতে এমনটা দেখা গেলেও সময়ক্রমে সেই নির্দেশনার তোয়াক্কা করছে না কেউ। হেলমেট ছাড়াই তেল দেয়া হচ্ছে বাইকারদের।
শুরুতে, হেলমেট নেই এমন চালকদের প্রতি আইনের প্রয়োগও ছিলো চোখে পড়ার মত। ফলে হোন্ডারোহীরা একপ্রকার আইনী-ভীতি থেকেই ব্যবহার করতেন হেলমেট। তবে, দীর্ঘদিন যাবৎ হেলমেট নিয়ে ট্রাফিকের কড়াকড়ি তুলনামূলক কম পরিলক্ষিত হচ্ছে।
একই সাথে ফিলিং স্টেশন কর্তৃপক্ষদেরও সেই নির্দেশনা বাস্তবায়ন করতে দেখা যাচ্ছে না। তথ্য মতে, বর্তমানে ফিলিং স্টেশনগুলো থেকে তেল সংগ্রহ করা প্রায় ৭৫ শতাংশ চালকই হেলমেট ছাড়া আসছেন। আর কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তেলও সংগ্রহ করছেন।
এদিকে ফিলিং স্টেশনতো বটেই, জেলার সড়ক মহা-সড়কেও চলাচলের সময় অধিকাংশ চালকদের মাথায় হেলমেট দেখা যায় না। সচেতন মহলের দাবি, সড়ক মহা-সড়কে ট্রফিক পুলিশের কড়াকড়ি তুলনামূলক কমে আসায়, চালকরা হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নিয়ে মাথা ঘামায় না।
অতীত বলছে, সড়ক ইস্যুতে ছাত্র আন্দোলনের পর নারায়ণগঞ্জের সড়কগুলোতে আপোষহীন দেখা যায় ট্রাফিক ও থানা পুলিশকে। কেবল আপোষহীন-ই নয়, ছিলেন সক্রিয় ভূমিকাতেও। তবে, সময়ের শ্রোতে ঢিলে হয়েছে ট্রাফিকের সক্রিয়তা। ফলে হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতার সেই দৃশ্য এখন আর দেখা যায় না।
সরেজমিনে দেখা যায়, চাষাঢ়াস্থ আজগড় ফিলিং স্টেশনে দেখা যায়, কিছুক্ষন পরপরই হেলমেট ব্যবহার ছাড়া তেল নিতে আসছে মোটর সাইকেল চালকরা। সেখানে চালকদের হেলমেটের বিষয়ে কিছু জিজ্ঞেসও করছে না কর্তৃপক্ষ।
অন্যদিকে, মোটর সাইকেল যোগে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত প্রধান ফিলিং স্টেশনে আসেন দুই যুবক। কারো মাথায় হেলমেট নেই। তেল নেয়ার জন্য হেলমেট পরে আসার কথা বলেন ফিলিং স্টেশনটির এক কর্মী। এতে ওই কর্মীর উপর চড়াও হয় হোন্ডারোহী দুই যুবক। একপর্যায়ে তাদের তেল দিয়ে বিদায় করা হয়।
এদিকে, দু’একটি স্টেশনে এখনও কিছুটা কড়াকড়ি থাকলেও চালকরা অন্যদের কাছ থেকে হেলমেট ধার নিয়ে তেল সংগ্রহ করছেন। পরে ধারের হেলমেট ফেরত দিয়ে হেলমেট ছাড়াই সড়ক মহাসড়কে চালচল করছেন। এরকম চিত্র দেখা গেছে কয়েকটি ফিলিং স্টেশনে।
সচেতন মহল বলছে, হেলমেট ব্যবহার মূলত চালক ও যাত্রীর নিরাপত্তার জন্যই অবধারিত করা হয়। কিন্তু অসচেতন চালকরা হেলমেট ব্যবহারে অনাগ্রহ দেখিয়ে থাকে। মূলত, অভ্যাসগত কারণে বেশীর ভাগ চালক হেলমেট ব্যবহারে অনাগ্রহ দেখায়।
এছাড়া, অতি আত্মবিশ্বাস থেকেও কিছু কিছু অসচেতন চালকরা অনাগ্রহ দেখিয়ে থাকে। অথচ, হেলমেট ব্যবহারের আইন প্রয়োগ করা হয় চালকদের নিরাপত্তার জন্যই। সেক্ষেত্রে শুধু ট্রাফিক পুলিশের কঠোরতাই নয়, চালকদের মাঝেও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
গতকাল রাতে এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সালেহ উদ্দিন আহমেদের সাথে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


