ফুটপাতকে ঘিরে কোটি টাকার চাঁদাবাজী !
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৯:১৩ পিএম
এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি..., একপাশে সাগর.. একপাশে বালি.....। গানটির এ কলি দুটোর সাথে বেশ সাদৃশ্য রয়েছে শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের। পুলিশী অভিযানে সড়কটির একপাশে হকার আর অন্য পাশ খালী- এমন চিত্রের দেখা মেলে মাঝেমধ্যেই। তবে নিত্যদিন কেন নয়! এমন প্রশ্নও সচেতন মহলের।
তথ্য বলছে, পুলিশেরই কিছু অসাধু কর্মকর্তাদের হাত খরচ মেলে ফুটপাত থেকে। তাই উপর মহল থেকে চাপ আসলে অসাধুরা হয়ে উঠেন সাধু, অন্যথায় হাত খরচের বাসনায় হকারদের সাথেই গা ভাসান তাদের কেউ কেউ।
হঠাৎ কঠোর হচ্ছে পুলিশ, এরপরও বসছে হকার আর দখল হচ্ছে ফুটপাত। হাটার জোঁ নেই পথচারীদের। এ নিয়ে পক্ষে-বিপক্ষে রয়েছে রাজনৈতিক মতপার্থক্য! ২০১৮ সালের ১৬ জানুয়ারী এই পার্থক্য পরিণত হয়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষে।
এতে প্রায় মৃত্যুকুল থেকে বেঁচে ফেরেন মেয়র। হকার নিয়ে সংঘর্ষ এখনও চলমান, তবে তা মাঠ থেকে আবারও মঞ্চের মাইকে উঠেছে! অর্থাৎ এখনও পক্ষে-বিপক্ষে মাইক ধরতে হচ্ছে নেতাদের।
বিশেষ করে, শহরের শৃঙ্খলা রক্ষায় সিটি মেয়র আইভী না হয় বরাবরই হকার বিরোধী। তবে, হকারদের জন্য তিনি তৈরী করে দিয়েছিলেন হকার্স মার্কেট। তবে, তা হয়তো মনোপুত হয়নি হকারদের, তাই হকার্স মার্কেট খালি থাকলেও ভড়ে উঠেছে ফুটপাত।
কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ৫ আসনের অধিনস্ত জায়গায় হকার ইস্যুতে সরগড়ম থাকা এবং তার অনুসারীদেরও সেই সরগড়ম ইস্যুতে ‘ঘিঁ ঢালার’ বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন বোদ্ধামহল। যদিও একটি পক্ষের মতে, পুনর্বাসন পক্রিয়া নিশ্চিত করণের মাধ্যমে বঙ্গবন্ধু সড়ক থেকে হকার সরিয়ে নেয়া প্রয়োজন।
তবে বোদ্ধামহলের দাবি, পূনর্বাসনই মূল উদ্দেশ্য নয় বরং হকার থেকে দৈনিক উত্তোলণ হওয়া মোটা অংকের চাঁদার খাত টিকিয়ে রাখাটাই তাদের আসল উদ্দেশ্য।
এদিকে, সরেজমিনে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, চাষাঢ়া গোল চত্বরের চারপাশ এবং শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত সড়কের দুই পাশে প্রধানত সবচেয়ে বেশি হকার বসে।
এছাড়া শহীদ মিনার, শায়েস্তা খান সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক, চেম্বার রোড, ২নং রেল থেকে ১নং গেট, ১নং গেট থেকে কালিরবাজার, চাড়ার গোপ, কালিরবাজার থেকে ব্যাংকের মোড়, লুৎফা টাওয়ার গলি, পপুলারের গলি, দেওভোগ চুনকা সড়ক ও প্রেসিডেন্ট রোড গলিতে ফুটপাত হকারদের দখলে। সড়ক গুলোতে হকার নিয়ন্ত্রন করতে রয়েছে পৃথক লাইনম্যান। মূলত এই লাইনম্যান দাঁড়াই উত্তোলণ করা হচ্ছে চাঁদার টাকা।
জানা গেছে, উপরোক্ত সড়কগুলোতে অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার হকার রয়েছে। যাদের কাছ থেকে দোকানের আকার ও প্রকার ও স্থান ভেদে দৈনিক উত্তোলণ করা হচ্ছে ৩০ থেকে শুরু করে ৫০, ১০০, ১৫০ ও ২০০ টাকা করে। গড়ে ১০০ টাকা করে ধরা হলেও সাড়ে তিন হাজার হকারদের কাছ থেকে দৈনিক উত্তোলণ করা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা। মাসে এর অংক দাঁড়ায় ১ কোটি ৫ লাখ টাকা!
শুধু কী তাই? রাত্রী কালিন সময়ে এসব হকারদের দোকানে বিদ্যুতের সংযোগও দিচ্ছে হকার নেতৃবৃন্দরা। অবৈধ হকারে অবৈধ সংযোগ দেয়া হলেও তা বাবদ নেয়া হচ্ছে আরো ৩০ টাকা করে।
তবে, প্রায় ৬০ শতাংশ হকাররা বিদ্যুৎ সংযোগ ছাড়াই নিজস্ব চার্জার লাইট ব্যবহার করছে। সে হিসেবে বিদ্যুৎ ব্যবহারকারী বাকি ৪০ শতাংশ হকারদের সংখ্যা দাঁড়ায় ১৫শ।
অর্থাৎ ১৫শ’ হকার কথিত বিদ্যুৎ বিল বাবদ দৈনিক আলাদা ৩০ টাকা করে দিয়ে থাকলে একদিনে এর অংক দাঁড়ায় ৪৫ হাজার টাকা। এর মাসিক সমষ্টি ১৩ লাখ ৫০ হাজার টাকা!
অভিযোগ রয়েছে, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এসব হকারদের কাছ থেকে চাঁদাবাজীর নেপথ্যে রয়েছে, চাষাঢ়ার রহিম মুন্সী, আসাদ, কালিরবাজার এলাকার সোহেল ও আব্দুল্লাহ সহ আরো অনেকেই। পেশায় তারা নিজেরাও হকার, তবে ভূমিকা পালন করছেন লাইনম্যানের। মূলত তাদের হাতেই দৈনিক জমা হচ্ছে লাখ টাকা যা মাসে কোটি টাকায় পরিণত হয়।
সূত্র মতে, রহিম মুন্সী বা অন্যান্য চাঁদা উত্তোলণকারীরা মূলত মাঠ পর্যায়ের লোক। তাদের অন্তরালে যারা আছেন, তারা হকারদের পক্ষে সাফাই গাওয়া এসি রুমের ভিআইপি। তাদের বলয়ে প্রায় সময়ই রাজপথে সরব হয়ে উঠেন হকাররা।
এদিকে, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে হকার পুলিশের ইঁদুর-বিড়াল খেলা চোখে পড়লেও মূলত পুলিশেরই কিছু অসাধু সদস্যরা উচ্ছেদের ভয় দেখিয়ে ওই লাইনম্যানদের কাছ থেকেই দৈনিক চাঁদা উত্তোলণ করে থাকে।
গতকাল চাষাঢ়া সোনালী ব্যাংকের নিচে দেখা যায় এমনই দৃশ্য। আসাদুজ্জামান নামে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের এক বয়জষ্ঠ কনস্টেবল সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে হাজির হয় চাষাঢ়া সোনালী ব্যাংক সংলগ্ন রহিম মুন্সীর গেঞ্জির দোকানে।
দোকানে রহিম মুন্সী উপস্থিত নেই, তবে সেখানে ছিলেন তার কর্মচারী (অজ্ঞাত)। পুলিশের আসার কারণ বোধ হয় আগে থেকেই জানা ছিল ওই কর্মচারীর, তাই ফোন করলেন রহিম মুন্সীর কাছে। ফোনের ওই প্রান্ত থেকে স্বভাবতই মিলল সবুজ সিগন্যাল, তাই পুলিশের ওই কনস্টেবলের হাতে ধরিয়ে দিলেন এক হাজার টাকা। তিনিও ঘটনাস্থল ত্যাগ করলেন হাসি মুখে!
জানতে চাইলে রহিম মুন্সীর কর্মচারী বলেন, ‘একজন নয় ভাই, প্রতিদিনই একের পর এক গাড়ি এসে টাকা নিয়ে যাচ্ছে। ট্রাফিকও আসে। টাকা দিলে বসতে পারি, না দিলে বসা যায় না। আবার উপর থেকে চাপ থাকলে টাকা দিলেও কাজ হয় না। তখন উঠিয়ে দেয়।’
পুলিশকে দেয়া টাকার যোগান কোত্থেকে তা জানতে চাইলে বলেন, ‘এইতো আমাদের রহিম মুন্সী ভাই আছে, সে এই এরিয়া পরিচালনা করে। হকারদের কাছ থেকে টাকা উঠায়, সেখান থেকে পুলিশসহ আরো কয়েকজনকে ভাগ দেয়া হয়।’
এই বিষয়ে রহিম মুন্সীর কাছ তেকে জানতে চাইলে দৈনিক যুগের চিন্তাকে তিনি বলেন, ‘ভাই পত্রিকায় লেখা লেখি কইরেন না। আর কিছু জানতেও চাইয়েন না। একদিন নিউজ হইলে পরের দিন আর বসতে দেয় না। হকারদেরতো পরিবার আছে। না বসলে তারা খাবে কী!’


