Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্রিভুজ প্রেমের ঘটনায় বোনের হাতে বোন খুন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৪২ পিএম

ত্রিভুজ প্রেমের ঘটনায় বোনের হাতে বোন খুন
Swapno

অবশেষে পাপিয়া বেগম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ত্রিভুজ প্রেমের ঘটনায় ছোট বোন সাম্মি (তৃতীয় লিঙ্গ মর্মে জনশ্রুতি আছে) ওড়না গলায় পেঁচিয়ে তাকে খুন করে।  পরে তার বাবা, বোন, প্রেমিক ও ভাই মিলে লাশ গুম করার চেষ্টা করে।

 

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে নারায়ণগঞ্জ পিবিআই এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম।

 

এ সময় পিবিআই জানান, চলতি বছরের ২৮ মে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। এ ঘটনায় আইড়াইহাজার থানায় মামলা (নং- ১৫) হয়।

 

পিবিআই লাশের আংগুলের ছাপ গ্রহণের মাধ্যমে লাশের নাম ও পরিচয় জানতে পারে। মৃতের নাম পাপিয়া বেগম (২০)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার হলদিপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

 

তদন্ত ভার আড়াইহাজার থানায় উপর থাকার সময় তার পিতা জয়নালকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে মামলাটির তদন্ত পিবিআই, নারায়ণগঞ্জ জেলাকে দেয়া হয়।

 

২৩ জুলাই পিবিআই এসআই মো. তৌহিদুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন। গত মঙ্গলবার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাপিয়ার প্রেমিক আরিফুল ইসলামকে গ্রেফতার করে তদন্ত কর্মকর্তা। আরিফুল বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে।

 

জবানবন্দীতে সে জানায়, আরিফুলের সাথে পাপিয়ার প্রেমের সম্পর্ক পাপিয়ার ছোট বোন সাম্মি মেনে নিতে পারেনি। সাম্মি চাইতো আরিফুলের সাথে প্রেম ও শারীরিক সম্পর্ক গড়ে তুলতে। এই বিষয় পাপিয়া জানতে পারার পর দুই বোনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

 

ঘটনার দিন আরিফুল ও সাম্মি সিদ্ধিরগঞ্জের নয়া আটিস্থ পাপিয়ার ভাড়া বাসায় অবস্থান করার সময় তাদের দুই জনের ঝগড়ার কারণে আরিফুল একই বিল্ডিংয়ের ২য় তলায় তার পরিচিত জনৈক সামিয়ার বাসায় অবস্থান করে। কিছুক্ষণ পর আরিফুল পাপিয়ার ঘরে এসে তার লাশ ঘরের বিছানার উপর দেখতে পায়। তার গলায় ওড়না পেঁচানো। সে সময় সাম্মি ঘর থেকে পালানোর চেষ্টা করছিল। তারা একজন স্থানীয় ডাক্তারকে ডেকে এনে জানতে পারে পাপিয়া মারা গেছে।

 

সাম্মির মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে তার বাবা জয়নাল ঘটনাস্থলে আসে। পরে জয়নালের পরিকল্পনা মতো আরিফুল, পাপিয়ার ভাই মামুন এবং বোন সাম্মি মিলে পরিকল্পনা করে ভৈরব ব্রীজ থেকে মৃত পাপিয়ার লাশ নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে পাপিয়ার মরদেহ নিয়ে রওয়ানা হয়।

 

পথিমধ্যে পুলিশের চেক পোষ্ট থাকায় তারা আড়াইহাজারের শিমুলতলায় রাস্তার পাশে জঙ্গলের ভিতরে পাপিয়ার মরদেহ ফেলে চলে যায়।

 

গ্রেফতারকৃত পাপিয়ার পিতা জয়নাল মিয়াকে দুই দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সে সময় সে তার পরিকল্পনা মতোই তারা সবাই লাশ গুম করার উদ্দেশ্যে শিমুলতলার জঙ্গলের মধ্যে ফেলে গেছে মর্মে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মামলার অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন