মকবুল-২ লঞ্চে ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৪:৫৮ পিএম
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুরের মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ লঞ্চটিতে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতের দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক পৌঁনে ১১ টার দিকে ষাটনল ঘাটের কাছাকাছি পৌঁছলে লঞ্চে ফাঁকা গুলি ছুঁড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ডাকাতির করা হয়েছে। এর আগে রাত নয়টায় মতলবের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে ছেঁড়ে যায় লঞ্চটি।
ডাকাতদল অস্ত্রের মুখে প্রথমে মকবুল-২ লঞ্চের চালককে জিম্মি করে। তারপর লঞ্চে থাকা কয়েকশত যাত্রীর সর্বস্ব লুটে নেয় বলে জানান লঞ্চের যাত্রী মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারের মোবাইল ব্যবসায়ী কামরুজ্জামান সুমন।
লঞ্চের বেশ কয়েকজন যাত্রী জানান, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পরে গজারিয়া ঘাটে ভীড়ে। তার প্রায় ১০ মিনিট পূর্বে স্পিডবোটে করে একজন লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুটি স্পিডবোটে করে ১০/১২ জনের ডাকাত দল লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতংকের সৃষ্টি করে।
তারপর ডাকাতরা যাত্রীদের মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালংকারসহ যাত্রীদের সাথে থাকা মালামাল লুট করে নেয়। ৩০ মিনিটেরও অধিক সময় ধরে ডাকাতি’র কাজ সম্পন্ন করে। ষাটনল ঘাটের খানিক আগে তারা লঞ্চ থেকে নেমে স্পিডবোটে করে চলে যায়।
লঞ্চের চুকান সবুজ মিয়া জানান, প্রতি বৃহস্পতিবারের রাতের লঞ্চে চাকুরীজীবিরা বেশী যাতায়াত করে। তাই লঞ্চে আজ অতিরিক্ত যাত্রী ছিল। লঞ্চের নীচতলা, কেবিন, ডেক ও ছাদের উপর অনেক যাত্রী ছিল। লঞ্চটি নারায়ণগঞ্জ ঘাট থেকে প্রতিদিন রাত ৯ টায় গজারিয়া, ষাটনল, মোহনপুর, এখলাছপুর, আমিরাবাদ লঞ্চঘাট হয়ে মতলবের উদ্দেশ্যে ছাঁড়ে।
এবিষয়ে মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার ডাকাতির ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।


