সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৪:৫৫ পিএম
বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার (৪০)কে গ্রেফতার করেছে র্যাব-৯। মহসিন সিলেট সদরের টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাড়িটি তার ভায়রার বলে জানা গেছে। গ্রেপ্তারের পর মহসিনকে সিলেটে র্যাব এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে কলকাতার একটি কালীপূজার অনুষ্ঠানের নিমন্ত্রন গ্রহন করা এবং এক ভক্তের সেলফি তোলাকে কেন্দ্র করে তার মোবাইল ফোন ফেলে দেয়ার বিষয় নিয়ে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে মহসিন তার ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেয় বিক্ষুব্ধ এই যুবক।
এরপর ভোর ৬টার দিকে সে আবারও লাইভে এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় সোমবার রাতে জালালাবাদ থানায় উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিন উদ্দিনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
অন্যদিকে ভিডিও বার্তায় কলকাতায় পূজার আয়োজনে অংশ নেওয়া এবং ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।


