Logo
Logo
×

বিশেষ সংবাদ

রাতে ‘অনিরাপদ’ নারায়ণগঞ্জ

Icon

তুষার আহমেদ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম

রাতে ‘অনিরাপদ’ নারায়ণগঞ্জ
Swapno

ঘড়ির কাটায় রাত ১টা ১১ মিনিট। লিংক রোড হয়ে শহরে প্রবেশ করছিল মাছবাহী একটি পিকআপ ভ্যান। চাষাঢ়া মোড়ে প্রবেশ মুখে রাইফেল ক্লাবের সামনে পৌছা মাত্রই চলন্ত গাড়ির পিছনে লাফিয়ে উঠলো ১৪ বছর বয়সী এক কিশোর।

 

প্রকাশ্যেই মাছ বোঝাই চলন্ত পিকআপ থেকে বেশ কিছু মাছ নিয়ে লাফিয়ে নামলো সড়কে। আশপাশে অবস্থানরত কয়েকজন তাকিয়ে দেখছেন সেই দৃশ্য। সেদিকে ভ্রুক্ষেপ নেই ভয়ঙ্কর ওই কিশোরের।

 

পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছেই তা বিক্রির জন্য ছুটছেন। জানা গেছে, এমন ঘটনা কেবল গত মঙ্গলবার দিবাগত রাতেরই নয় বরং তা ঘটছে প্রতিনিয়ত।

 

অভিযোগ রয়েছে, রাতে অনিরাপদ হয়ে উঠে নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলো। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সি অপরাধীরা ঘুরে বেড়ায় অসৎ উদ্দেশ্যে। এদের ক্ষপ্পরে পড়ে সর্বশ্ব খোয়া যাওয়ার ঘটনাও নেহাত কম নয়। এরপরও রাতের আঁধারে অরক্ষিত রয়ে যাচ্ছে শহুরে সড়ক।

 

গত কিছুদিন আগে মধ্য রাতেই এমন ছিনতাইকারীদের খপ্পরে পরেন সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সুমন নামে দুই সংবাদ কর্মী। এদের মধ্যে সুমনকে ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত করে ছিনতাইকারীরা।

 

ছিনিয়ে নেয় মোবাইল ও নগদ টাকা। সাইফুল্লাহ মাহমুদ টিটুর কাছ থেকেও সর্বশ্ব কেড়ে নেয়া হয়। উভয় ঘটনায় থানায় মামলাও দায়ের করা হয়েছে।

 

এমন ছিনাতাইয়ের ঘটনা বেড়ে চললেও রাতের আঁধারে শহর কিংবা শহরতলীতে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এমন অভিযোগ করছেন পথচারীরা।

 

সালাম নামে এক যুবক দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘কাজের জন্য প্রায় সময় রাত করে বাসায় ফিরতে হয়। তবে, চলার পথে নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, দেওভোগ, ২নং রেলগেইট, বালুর মাঠ, চাষাঢ়া মোড় ও মিশন পাড়াসহ আশপাশে দলবদ্ধ ভাবে বিভিন্ন বয়সি ছেলের আড্ডাবাজী চোখে পড়ে।

 

অনেকে রাস্তায় দাঁড়িয়েই প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে। ধারণা করা হচ্ছে এরাই ছিনতাইসহ অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায় না। এসব প্রতিরোধে প্রশাসনকে আরো তৎপর হওয়া প্রয়োজন।’

 

এদিকে, গত কিছুদিন আগে ফতুল্লা মডেল থানার অপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোস্তাফিজুর রহমান বলেছিলেন, “রাতে অযথা ঘোরা ফেরা করলে আটক করে থানায় নিয়ে আসা হবে। সেই লক্ষ্যে পুলিশসহ গোয়েন্দা পুলিশও কাজ করছে।”

 

তবে এমন ঘোষণার বাস্তবায়ন তেমন দেখা যাচ্ছে না। এই বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন