নারায়ণগঞ্জ থেকে লুট হওয়া চিনি পাবনা থেকে উদ্ধার, গ্রেফতার-৩
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৬:৫০ পিএম
সোনারগাঁয়ের মেঘনা সুগার মিলের লুট হওয়া ৩২০ বস্তা ফ্রেশ চিনি’র ২৫৯ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে। গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন প্রামাণিক, তজম আলী ও জুবায়ের আহমেদ লিংকন। লুট হওয়া ৩২০ বস্তা চিনি’র বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এই বিষয়টি নিশ্চিত করেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আক্টোবর শনিবার সকাল ছয়টায় সোনারগাঁয়ের মেঘনা সুগার মিল হইতে ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৫০) যোগে ৩২০ বস্তা ফ্রেশ চিনি এসএ ট্রেডার্স বড় লেখা সিলেট এর উদ্দেশ্যে প্রেরণ করা হয়।
কিন্তু ট্রাকের ড্রাইভার মো. সুমন প্রামাণিক ও তার হেলপার সেই চিনি যথা স্থানে না পৌছিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানা’র একটি বাজারে বিক্রি করে দেয়।
লুট হওয়া চিনি উদ্ধারে গত বুধবার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ূন কবির মোল্লা’র নেতৃত্বে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ও পাবনা জেলার ঈশ্বরদী থানায় এই অভিযান চালানো হয়।
বুধবার বগুড়া জেলার শিবগঞ্জ থানা হতে ট্রাক চালক সুমন প্রামানিক কে প্রেফতার করে তার কাছ থেকে ট্রাকটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
সুমনের দেয়া তথ্যমতে একই দিনে পাবনা জেলার ঈশ্বরদী থানা হতে চিনি ক্রেতা তজম আলীকে ১৫২ বস্তা এবং তজম আলী’র দেয়া তথ্য মতে আরেক ক্রেতা জুবায়ের আহমেদ লিংকনকে ১০৭ বস্তা চিনিসহ গ্রেফতার করে ডিবি।
তাদেরকে আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


