যুগের চিন্তা রিপোর্ট : লাগবোনি গো হাড়ি পাতিল! আছেনি গো ভাঙ্গাচোরা প্লাস্টিক,বোহল, লোহা ভাঙ্গা , টিন রড ফিতা ?.....এমন সব ছন্দমাখা বাক্যে ফেরী ওয়ালার ডাকে মুখরিত থাকে গ্রামীণ জনজীবন। এদের ডাকে বাড়ির পুরুষরা কিছুটা বিরক্ত হলেও নারীরা কানপেঁতে থাকেন কখন আসবেন ফেরীওয়ালা; আর ঘরের প্রয়োজনীয় তৈজসপত্র ক্রয় করবেন পুরনোটা ফেরত দিয়ে আর কিছু জমানো টাকা যোগ করে। আর এমন কর্মচাঞ্চল্যতায় চিরচেনা জীবন জীবিকার তাগিদে হরেক রকম ব্যবসার ভীরে সাফ্যল্যের মুখ দেখেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফেরীওয়ালারা। অন্যান্য সময়ের চেয়ে করোনাকালীন ঘরবন্দি মানুষের মাঝে নিত্য পণ্য ও তৈজসপত্র পৌঁছে দিয়ে এ সেবা এখন আরো জনপ্রিয়তা কেড়েছে গ্রামের পাড়ামহল্লার গৃহীনিদের মাঝে। এতে ব্যবসায়ীক ভাবে সফলভাবে জীবিকা নির্বাহ করছেন ফেরীওয়ালা শ্রেণির ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পাইকারী ও বৃহত্তর হাট বাজার হিসেবে পরিচিত ভুলতার পুরান বাজার ও গাউছিয়া মার্কেট, গোলাকান্দাইল হাট , মুড়াপাড়া বাজার, কাঞ্চন বাজার , বেলদীর হাট ও ইছাপুরা বাজার ব্যবসায়ীদের কাছে থেকে শতাধিত ফেরীওয়ালা নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বাড়ি বাড়ি ঘুরে হাকডাকে বিক্রি করেন প্রয়োজনীয় মালামাল। এসব ফেরীওয়ালাদের কেউ কাপড়, কেউ মাছ ও তরিতরকারী কেউবা হাড়ি-পাতিল বিক্রি করে থাকেন। এদের মাঝে কেউ ভ্যানগাড়ী ব্যবহার করলেও বেশিরভাগ ফেরীওয়ালা কাঁধে করে বহন করেন হরেক রকম মালামাল। আবার কাপড় বিক্রেতারা বেশির ভাগই কাঁধেই বহন করেন।
সূত্র জানায়, ফেরী করে বিক্রি করা কিছু অসাধু ব্যবসায়ীদের কথিত ওষুধ, মলম ও ভেজাল আইসক্রিম, আচার ও খোলা খাবারসহ নি¤œমানের ভেজাল পণ্য বিক্রির অভিযোগ থাকলেও সাধারণ প্রয়োজনীয় নিত্যপণ্য ফেরী করে বিক্রেতারা পেয়েছেন গ্রহণযোগ্যতা। তাদের মাঝে কাপড়, হাড়ি পাতিল বিক্রেতারা অন্যতম। তাদের নেই প্রতারণা কিংবা ছলচাতুরির কৌশল। আর তাতে সফল হয়েছেন তারা।
কথা হয় উপজেলার মধূখালী এলাকায় কাঁধে বহন করে সিলভার ও স্টীলের ডেগ ডেগচি ও হাড়ি পাতিল বিক্রেতা কাঞ্চনের ফেরীওয়ালা ব্যবসায়ী পঞ্চাশোর্ধ হাসান আলীর সঙ্গে। তিনি জানান, ৩০ বছর যাবৎ এ পেশায় রয়েছেন। প্রথমে টাকার অভাবে বাজারে দোকান ঘর ভাড়া নিতে না পেরে স্বল্প পুজি নিয়ে এ পেশায় ফেরীওয়ালা হিসেবে যোগদেন। প্রথম বছরই গ্রামে গ্রামে গ্রাহক বা ক্রেতা পেয়ে যান। সাধারন দোকানে বাকি বিক্রি হওয়ায় পুজি সংকট ও অতি পুঁজির প্রয়োজন হয়। কিন্তু ফেরী করে ব্যবসায় বেশিরভাগই নগদ। তবে খুব পরিচিত হলে বাকি দেয়া হয়। এতে গ্রামের গৃহবধূদের কাছ থেকে একটু মুল্য বাড়িয়ে নেয়া যায়। হাটতে যদিও কষ্ট হতো প্রথম দিকে পরে অভ্যাস হয়ে যাওয়ায় শরীর আগের তুলনায় বেশি ভালো থাকে। আর এভাবে ফেরী ব্যবসা করে ৩ বিঘা জমি ক্রয় করে নতুন করে ঘর বাড়ি করে ছেলে সন্তান নিয়ে সুখে আছেন তিনি। বর্তমানে বিভিন্ন গ্রামে সাপ্তাহিক রুটিন করে বিক্রি করেন এসব মালামার। গুণগত মান ঠিক থাকায় তিনি এভাবে রূপগঞ্জের ৩৫টি গ্রামের সফল ফেরীওয়ালা হিসেবে পরিচিত।
উপজেলার ইছাপুরা বাজার এলাকার ষাটোর্ধ পাইকারী ব্যবসায়ী মকবুল হোসেন বলেন, এক সময় ফেরীওয়ালা ছিলাম আমিও। সম্পদ বলতে কিছুই ছিলো না আমার। গাউছিয়া থেকে ৫ হাজার টাকার সিলভার পাতিল ও স্টীলের থালাবাসন নিয়ে ফেরী করে বিক্রি শুরু করি। এভাবে ৫ বছর সফলতার সাথে ব্যবসা করে এখন ইছাপুরা বাজারে আমার সবচেয়ে বড় দোকান । সততার সাথে ব্যবসা করে ভালো মুনাফা আসে। আর ফেরী করে ব্যবসা যারাই করেছে তারা সবাই সফল হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয় লোকজন ফেরী করে ব্যবসা করতে লজ্জা পায় । এতে বেকার হয়ে পড়ে থাকে। মাদক ও জুয়ায় জড়িয়ে যায়। কাজকে কখনো ছোট করে দেখতে নেই। যারা কাজকে অবমুল্যায়ন করবে তারা কখনো বৈধ ব্যবসায় সফলতা পাবে না।
উপজেলার গোয়ালপাড়া এলাকার গৃহীনি তানজুমা আইজি বলেন, গৃহস্থালী অতি প্রয়োজনীয় জিনিসপত্র ব্যস্ততার কারনে হাট-বাজারে যাওয়া সম্ভব হয় না। এসব প্রয়োজনীয় পণ্যই ফেরীওয়ালারা ডেকে ডেকে বিক্রি করেন। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য সাশ্রয়ী। তিনি আরো বলেন, কাঙ্খিত পণ্য ফেরীওয়ালাদের ঝুড়িতে না থাকলেও তাদের মাধ্যমে অর্ডার করা যায়।
এসব বিষয়ে কাঞ্চন বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নুর মোহাম্মদ বলেন, করোনাকালীন সবাই বাজারে এসে পণ্য ক্রয় করেন। কিন্তু বহু মানুষ ব্যস্ততার কারণে বাজারে আসেননা। বিশেষ করে মহিলাদের পছন্দ হলো দেখে যাচাই বাচাঁই করে ক্রয় করা। এ হিসেবে ফেরীওয়ালাদের কাছ থেকে এ সুবিধা তারা পেয়ে থাকে। এ কারণে কাঞ্চন বাজার এলাকায় বহু ফেরীওয়ালার ভাগ্য বদলাতে দেখেছি। এদের মাঝে যারা ভাড়াটিয়া হিসেবে কাঞ্চনে বসবাস করতো। এখন তাদের নিজের মালিকানায় বাড়ি রয়েছে।


