বিশ্বনবী’র অবমাননার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২০, ০৬:১৬ পিএম
ফরাসি সরকারের মাধ্যমে ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)’কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে প্রধান সড়কসহ এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মুসল্লীরা।
বিক্ষোভ উত্থাপিত দাবিগুলো হলো- ব্যঙ্গচিত্রের মাধ্যমে নবীজী (সা:) কে অপমান করায় ফ্রান্স সরকারকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্যদ্রব্য নিষিদ্ধ করতে হবে। ফ্রান্সের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নসহ ফ্রান্সের রাষ্ট্রদূতকে বাংলাদেশ ত্যাগ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সভাপতি মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি ক্বারী মোহম্মদ উল্লাহ, হাদীউল ইসলাম, মুফতী মনিরুজ্জামান, অর্থ সম্পাদক এমদাদুল্লাহ, জেলা ছাত্র মজলিশের সভাপতি কে.এম. দেলোয়ার আল হোসাইন, মহানগর ছাত্র মজলিশের সভাপতি ইমরান হোসাইন শফি, সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ছাত্রনেতা মোঃ সাকিব আল হাসান, নাজমুল রাব্বানী প্রমূখ।


