প্রতিটি শিশুই সম্ভাবনাময়, তাদের যত্ন নিতে হবে: বিজ্ঞান বক্তা আসিফ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৮:৫৬ পিএম
পেশাদার বিজ্ঞান বক্তা আসিফ বলেছেন, মহাবিশ্বের কোনো বিন্দু নেই বা প্রান্তও নেই। তাই মহাবিশ্বের প্রতিটি স্থানই সম্ভাবনাময়। তেমনি প্রতিটি মানুষ, প্রতিটি শিশুই সম্ভাবনাময়।
তিনি বলেন, দেখতে খুব সাধাসিধে মনে হওয়া শিশুটির মধ্যেও এমন কোনো বিষয় থাকতে পারে যা পুরো পৃথিবীর কাজে লাগতে পারে। তাই প্রতিটি শিশুকেই যত্ন করতে হবে। কাউকে অবহেলা করা যাবেনা।
মঙ্গলবার সকালে ৩ দিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তা আসিফ। মেলাটি আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম আরিফ মিহির। কনফারেন্সে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘আমরা বিজ্ঞানে যে ভাবে এগুচ্ছি সেই দ্বারা অব্যাহত রাখার জন্য আইনস্টাইন, গ্রাহামবেল এবং ড. জাফর ইকবালকে নিয়ে আগাতে হবে। তিনি বলেন, নাসার বিজ্ঞানী আমাদের বাংলাদেশীও আছে কয়েকজন। আমরা আরও অনেক জনকে চাই। আমাদের উন্নয়নকে ধরে রাখতে হলে বিজ্ঞান মনস্ক জাতি প্রয়োজন।’
শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান, করোনার কারনে শিক্ষার্থীরা যার যার প্রতিষ্ঠানে বসে প্রজেক্ট তৈরী করে অনলাইনে প্রজেক্ট প্রদর্শন করার জন্য।


