আন্তর্জাতিকমানে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৬:৩৬ পিএম
খুব শীঘ্রই আন্তর্জাতিকমানে পৌঁছতে চলেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউএন হ্যাবিট্যাট এর মানদন্ড অনুযায়ী, আদর্শ নগরীর ৪৫ শতাংশ উন্মুক্ত স্থান (গণপরিসর) থাকার কথা।
সেই হিসেবে সিটি পরিষদের এ মেয়াদের প্রকল্পগুলো বাস্তবায়িত হলেই নারায়ণগঞ্জ পৌঁছে যাবে আন্তর্জাতিকমানে। এরই মধ্যে শেখ রাসেল পার্ক ও বাবুরাইল খাল প্রকল্পকে এশিয়ান টাউনস্ক্যাপ অ্যাওয়ার্ড-২০১৬ অর্জন করেছে নাসিক। ইতিমধ্যে দখল হয়ে যাওয়া জমি ও খাল উদ্ধারে নেমেছে তারা।
নারায়ণগঞ্জের গণপরিসরে ৬০৯ দশমিক ৪৩ কিলোমিটার সড়ক ও ফুটপাত রয়েছে। সড়ক, ফুটপাত ও অন্যান্য গণপরিসর বাদ দিলে আদর্শ সিটি গড়তে খালগুলোর জমি যুক্ত হলেই সে লক্ষ্যে পৌঁছতে পারবে সিটি করপোরেশন।
২০১১ সালে বন্দর ও সিদ্ধিরগঞ্জকে যুক্ত করে গড়ে উঠা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন ৭২.৪৩ কিলোমিটার। করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৩১৪.৪৩ একর ভূমিতে প্রায় ২০ লাখ লোকের বসবাস।
ঘনবসতির এই নগরীতে নতুন করে বাড়ছে ভবন কমছে উন্মুক্ত স্থান। ফলে দিন দিন গণপরিসর কমার সম্ভাবনাও বাড়ছে। এ কারণেই খালি জায়গা বাড়ানোর জন্য দখল হয়ে যাওয়া খাল ও জমি উদ্ধারে নামে সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের ৩১৪.১৪ একর ভূমি রয়েছে। ইউএন হ্যাবিট্যাটের মানদন্ড অনুযায়ী ওই ভূমি অনুপাতে প্রায় ১২৫ একর জমি গণপরিসর থাকতে হবে।
সূত্রে জানা যায়, সিটি এলাকায় ২৮টি খাল রয়েছে। তার মধ্যে ৬টি খাল উদ্ধার করে সেখানে উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এ প্রকল্পেই গণপরিসরে যুক্ত হয়েছে ১৬ একর। ২৮টি খাল উদ্ধার হলে কমপক্ষে অর্ধশত একরেরও বেশি গণপরিসরে যুক্ত হবে।
নগরীর প্রাণকেন্দ্র আলী আহমেদ চুনকা সড়কের রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউটের ভবন ভেঙে সেখানে অবসরকেন্দ্র করা হয়েছে। নগরীর প্রায় ৮টি ওয়ার্ডে দখল করে থাকা সড়কের জমি উদ্ধার করে সড়ক বড় করা হয়েছে। সেখানে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অবসর কেন্দ্র।
নাসিক’র নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম জানান, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দ্বিতীয় মেয়াদেই আদর্শ সিটি করপোরেশন গড়ার ক্ষেত্রে গণপরিসর উন্নয়ন ও সংরক্ষণের ওপর নজর দেন। ভৌত-অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য নগরী গঠনে এ উদ্যোগ সুদূরপ্রসারী।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমরা নগরবাসীকে একটি বাসযোগ্য আধুনিক নগরী উপহার দিতে চাই। সিটি করপোরেশন একটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ নিয়ে এগুচ্ছে।
তিনি বলেন, চাইলে অনেক উন্নয়ন কাজ করা যায়। কিন্তু গণপরিসরে নতুন জমি যোগ করা অনেক কঠিন কাজ ছিল। কিন্তু এ কাজে নগরবাসী আমাদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
(তথ্য সূত্র: খোলা কাগজ)


