শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ। নানা আচারের মধ্য দিয়ে গতকাল রোববর মহানবমী পালিত হয়। আজ সোমবার শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবের।
বিজয়া দশমীর দিন নারায়ণগঞ্জ শহরে নামতো মানুষের ঢল। সব ধর্ম, শ্রেণি ও বর্ণের মানুষেরা ঘর থেকে বেরিয়ে পড়তেন এদিনে। সন্ধ্যার পর থেকে ভক্তরা ট্রাকে প্রতিমা নিয়ে বেরিয়ে পড়তেন, সঙ্গে চলত নাচ-গান।
ওই সময় ঢাক ও মিউজিক সিস্টেমের মিলিত শব্দে রাস্তায় কান পাতা দায় ছিল। সব প্রতিমাই শহরের পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতে বিসর্জন দেওয়া হয়। সেখানেও থাকতো মানুষের ভিড়।
এবার করোনা দুর্যোগের কারণে এমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর দেখা যাবেনা। পূর্বের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো এবার নারায়ণগঞ্জেও বিজয়া দশমীর শোভাযাত্রা হবেনা।
এবিষয়ে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন যুগের চিন্তাকে জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আমাদের ২৬ টি দিক নির্দেশনা দিয়েছে।
সে নির্দেশনা অনুয়ায়ী আমাদের এবারের দর্গাপূজা নিয়ম মেনে সীমিত পরিসরে উদযাপন করা হেেয়ছ। এবার স্বাস্থ্যবিধি মেনে বিজয়া দশমী করা হবে। বঙ্গবন্ধু সড়কে যে বিজয় দশমীর শোভাযাত্রা হতো সেটা এবার হবে না।
যার যার মন্দির বা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে সরাসরি ঘাটে গিয়ে বিসর্জন দিবে। সব পূজা কমিটির নেতৃবৃন্দকে পূর্বেই আমরা এ নির্দেশনা জানিয়ে দিয়েছি।
তিনি আরও জানান, বিসর্জন শুরু হবে দুপুর ১২ টায়, এরপর নামাযের বিরতি দিয়ে বিকাল ৩ টার মধ্যে তা শেষ করা হবে। শহরের শীতলক্ষ্যা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়ার স্থানের অনুষ্ঠানও সীমিত করা হয়েছে। শুধুমাত্র দিক-নির্দেশনা দেওয়ার জন্য যে ব্যবস্থা থাকা দরকার তার আয়োজন করা হবে।
জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম গতকাল যুগর চিন্তাকে বলেন, প্রতিমা বিসর্জনের সময় নারায়ণগঞ্জে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে।
এছাড়াও গোয়েন্দা পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বিজয়া দশমীর কোন শোভযাত্র হবে না। প্রতিটি পূজা মণ্ডপে বলা হয়েছে বিকাল তিনটার মধ্যে স্ব স্ব মন্দির থেকে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য। পুলিশ প্রসাশনের পক্ষ থেকে আমার এ নির্দেশনা দিয়েছি।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে নারায়ণগঞ্জে ১৯৯ টি মণ্ডপে এবার দুর্গাপূজা উদযাপন করা হয়েছে, যা গতবারের থেকে ছয়টি কম। এবার দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে, আর যাবেন গজে বা হাতিতে।


