টানা বৃষ্টিতে স্থবির নগর : আরো দুই দিন থাকার পূর্বাভাস
লতিফ রানা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৭:৪৭ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) আরো ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং দুপুরের পর গভীর নিম্নচাপে পরিণত হয়। এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে নারায়ণগঞ্জসহ সারা দেশে। টানা বৃষ্টিতে নাকাল জনজীবন।
শুক্রবার (২৩ আক্টোবর) এই বৃষ্টির প্রভাবে স্থবির হয়ে পড়ে পুরো শহর। রাস্তা-ঘাটে অতি প্রয়োজন ছাড়া বের হয়নি সাধারণ মানুষ।
ফলে শহরের প্রত্যেকটি প্রধান সড়কই ছিল অনেকটাই যানবাহন ও জনশূন্য। তবে এই বৃষ্টির প্রভাব আরো দুই তিন দিন থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
এ অবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজো’র আয়োজনে। মন্ডপগুলোতে ধর্মভক্তদের উৎসবে পড়েছে ভাটা। শহরের কালীর বাজার এলাকার অশোক কুমার বলেন, আমাদের দুর্ভাগ্য।
একেতো করোনার মহামারিতে এবারের কোন উৎসবই পালন করা সম্ভব হয়নি। তাই বিধি নিষেধ যতটা সম্ভব মেনে এ পুজোয় আনন্দ করার ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছাটা আর সম্ভব হবে বলে মনে হয় না।
বৃষ্টিতে পানিতে টৈটুম্বর হয়ে উঠে শহরের রাস্তা-ঘাট। নদীতে বাতাসে উঠছে ঢেউ। ছোট ছোট নৌকায় উঠতে সাহস পাচ্ছে না যাত্রীরা। হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরিঘাটে সারাদিনে একবারও দেখা যায়নি অপেক্ষারত গাড়ির সারি।
এদিকে এই বৃষ্টিতে যেন পাওয়া যাচ্ছে শীতের আগমন বার্তা। রাতে অধিকাংশ বাড়িতেই রাতে চালাতে হয়নি বৈদ্যুতিক পাখা। এমনকি শেষ রাতে অনেককে কাঁথা খুঁজতে হয়েছে বলেও জানা গেছে।
এদিকে এই বৃষ্টির প্রবণতা আরো দুই তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো জানানো হয়, নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।


