অপরাধ কমাতে পেছনের শক্তিকে শাস্তি দিতে হবে (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:৩৮ পিএম
শুধু আইন তৈরী নয় এর কঠোর প্রয়োগ এবং অপরাধীদের পেছনে যারা কাজ করছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে পারলে অপরাধ কমে যাবে বলে মনে করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহর আলী এবং বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি রীনা আহমেদ।
বুধবার (২১ অক্টোবর) যুগের চিন্তা আয়োজিত ফেসবুক লাইভ টকশো ‘হ্যালো নারয়ণগঞ্জ’ এধরণের অভিমত ব্যক্ত করেন এই দুই অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম।
অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনিয়ন্ত্রিত অশ্লীলতা’। এ সময় বর্তমানে ধর্ষণের মতো অপরাধে শিশু ও কিশোরদের জড়িয়ে যাওয়াকে খুবই হতাশা প্রকাশ করেন ইউসুফ আলী এটম।
মুত্তিযোদ্ধা মোহর আলী বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ৫০ বছর। এখানে যে ধরণের সচেতনার মাধ্যমে, যে ধরণের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব অপরাধ নিয়ন্ত্রন করা যাবে আজকে সে ধরণের বিষয়গুলোর অভাব আছে।
তিনি বলেন, সর্বোচ্চ শাস্তি মৃতুদন্ড পাস করানোই যথেষ্ট নয়। যেভাবে ইলেক্ট্রনিক্স মিডিয়ার সুযোগে শিশু কিশোররা যেভাবে এর অবাধ ব্যবহার ও প্রচার করছে। তাতে এই আইনের মাধ্যমে এধরণের অপরাধ রোধ করা যাবে না। এ বিষয়ে প্রচুর প্রচারের ব্যবস্থা গ্রহনসহ আইন প্রয়োগকারীকে আরো কঠোর ভূমিকা গ্রহন করতে হবে।
তারমতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে অশ্লীলতার ফুটেজ আপলোড হচ্ছে তাতে কোন নিয়ন্ত্রন ছাড়াই শিশু ও কিশোররা দেখছে। এতে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে।
তিনি মনে করেন, কিশোর গ্যাংকে যারা সমাজে ব্যপকভাবে পরিচিত করছে, যারা তাদের নিয়ন্ত্রন করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তার মতে, রাষ্ট্র ইচ্ছে করলে যেকোন জটিল বিষয় নিয়ন্ত্রনে আনতে পারে। এ বিষয়ে রাষ্ট্রকে বিভিন্ন সংগঠনস ও বিভিন্ন পেশার লোককে সাথে নিয়ে কাজ করতে হবে।
মহিলা পরিষদ নেত্রী রীনা আহমেদ বলেন, প্রযুক্তিকে আমাদের নিয়ন্ত্রনে আনতে হবে। এ বিষয়ে পরিবারের প্রত্যেকটি লোককে সতর্ক থাকতে হবে। বাচ্চারা গ্রুপ করে অশ্লীল ছবি দেখছে।
প্রযুক্তির সহজলভ্যতার কারণে বাচ্চাদের হাতেও মোবাইলসহ বিভিন্ন ডিভাইস চলে আসায় এখন এগুলো খুব সহজ হয়ে গেছে। আমাদের উন্নয়ন হচ্ছে কিন্তু অবক্ষয়ের দিকে আমরা তাকাচ্ছি না।
তিনি বলেন, আমরা আইন তৈরী করে যদি তার যথাযথ প্রয়োগ না করি তাহলে এই আইন করেও কোন লাভ হবে না। তাছাড়া মামলাগুলো দ্রুত নিস্পত্তি না হওয়ার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমরা দেখছি ঘরের ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। এসময় তিনি প্রত্যেককে আত্মরক্ষার কৌশল শিখার অনুরোধ জানান।
তার মতে, ছোট বেলা থাকতেই যদি দেখি বাবা মাকে মূল্যায়ন করছেনা। ভাই বোনকে পাত্তা দিচ্ছে না। তখন সে পরিবার থেকেই নারীদের অসম্মান করার মানসিকতা তৈরী হয়। তখন সে নারীদের উপর নির্যাতনের প্রলুদ্ধ হয়।
তিনি বলেন, নির্যাতন হচ্ছে রাজনৈতিক শক্তি, পেশী শক্তি ও অর্থশক্তি এই তিন শক্তির প্রভাব। তাই পুরুষদের কর্তৃক নারী নির্যাতনের ঘটনা অনেক বেশী। সেই তুলনায় নারীদের মাধ্যমে পুরুষ নির্যাতনের ঘটনা খুবই কম।
তবে এসব ঘটনার অদৃশ্য শক্তিকে চিহ্নিত করে তাদের শাস্তির নিশ্চিত করতে পারলে নির্যাতন নিয়ন্ত্রন করা যাবে বলে তিনি মনে করেন।


