সাংবাদিক নির্যাতন বন্ধে দরকার প্রশাসনের সদিচ্ছা ও ঐক্য
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১০:১৭ পিএম
সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন বন্ধ করার জন্য প্রশাসনের সদিচ্ছা ও সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আব্দুস সালাম এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) যুগেরচিন্তা’র আয়োজনে ও মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টকশো ‘এই সময়’ অনুষ্ঠানে তার এধরণের মতামত প্রকাশ করেন।
এসময় এনইউজে সভাপতি আব্দুস সালাম বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা সাংবাদিক হিসেবে আমার কাছে খুবই আতঙ্কের বিষয়।
এসময় তিনি বন্দরের সাংবাদিক ইলিয়াস হত্যার বিষয়ে বলেন, পুলিশ এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে। অথচ পুলিশ চেষ্টা করলে পুরো ৮ জনকেই গ্রেফতার করতে পারতো। তারা পুলিশের কাছাকাছি ছিল।
তিনি বলেন, পর্যায়ক্রমে এখনকার অনেকগুলো ঘটনায় কিশোর গ্যাং জড়িত। কিশোর গ্যাং এর অপরাধের বিষয়ে পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এমনকি সামাজিকভাবে কেউ এগিয়ে আসছেনা। এই করোনাকালে কিশোর গ্যাং শহরের ভিতর নানাভাবে আতঙ্কের কারণ ছিল।
এসময় কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি ঘটনায়ই পুলিশ কয়েকটি গতানুগতিক কথা বলছেন। তার মতে, তিতাস গ্যাসের যা অবস্থা তাতে প্রত্যেকটা স্থানীয় প্রভাশালী নেতা বা নির্বাচিত প্রতিনিধি জড়িত থাকে। সেই অবৈধ তিতাস গ্যাসের সে সংবাদ প্রকাশ করেছে।
আমরাও কিন্তু এর বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছি। তাহলে তিতাস কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা। এর মধ্যে নিশ্চয়ই কোন কারণ আছে। পেশাগত কারণে আমাদেরও কিছু সংবাদ প্রকাশের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, পুলিশ যতক্ষন পর্যন্ত সচেতন না হয়। আমাদের সংবাদ কর্মী ও সম্পাদকরা সচেতন না হয়। ততদিন সমাধান সম্ভব নয়।আমাদের ঐক্যের সুযোগ না হওয়ার কারণেই কিন্তু অপরাধীরা সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ করার সাহস পায়।
তার মতে, নারায়ণগঞ্জে প্রায় ৪শত লোক সাংবাদিকতার সাথে জড়িত। এই বিশাল বাহিনী থাকার পরও আমাদের ঐক্যের অভাবে এধরণের ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, পুলিশে ভেতর কিছু লোক ঘাপটি মেরে বসে আছে যারা তুর্যদের মতো লোকদের ব্যবহার করে।
বন্দরের সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারের দাবি জানিয়ে আমির হোসাইন স্মিথ বলেন, নারায়ণগঞ্জ একটি অপরাধ প্রবণ এলাকা। আমরা যখন যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করি। তখন তা কারো বিপক্ষে যেতে পারে।
তবু আমরা সকল বাঁধা অতিক্রম করে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি বলেন, পুলিশ যদি চায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারে।
তিনি বলেন, পুলিশের কতটুকু সদিচ্ছা রয়েছে সেটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এঘটনার সাথে জড়িত তুর্যয় নামের কিশোর যে নাকি একটি কিশোর গ্যাং এর লিডার। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ থাকার পরও তাকে কেন আইনের আওতায় আনা হলোনা। শুধু মামলা হলেই তাদের কেন ধরতে হবে।
তিনি সাগর রুনির ঘটনাসহ বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কোন বিচার হয়নি। তারমতে সাংবাদিকদের কিছু হলে প্রশাসনিক লোকদের মধ্যে দায়সারা গোছের একটি ভাব আমরা লক্ষ্য করা যায়।
সন্ত্রাসীর হাতে সাংবাদিক মারা গেলে প্রশাসন, সরকার, রাষ্ট্র যেন কিছুটা উসাসীন হয়ে থাকে। গত দশ-বার বছরে এমনটাই প্রমানিত হয়েছে।
তিনি বলেন, আপনি যে প্রতিষ্ঠানের জন্য জীবন দিলেন সে প্রতিষ্ঠানও কিন্তু আপনার খবর নেয়না। রাষ্ট্রিয়ভাবে একটি ব্যবস্থা গ্রহন করা দরকার। করোনায় সরকারের কোন সুবিধা আপনারা অনেকে পাচ্ছেননা।
রাষ্ট্র যতদিন এই পেশার প্রতি এগিয়ে না আসবে, ততদিন আপনাদের আপনার একটি অনিশ্চিত জীবনযাপন করতে হচ্ছে।
তাই সরকার এবং মালিকপক্ষ এবং সাংবাদিক যারা আছেন তাদের একসাথে বসে একটা সিদ্ধান্তে আসা দরকার যাতে করে এই পেশার লোকেরা একটি নিশ্চিত ভবিষ্যত পায়।


