পরিকল্পিত নগরী গড়তে সবচেয়ে বড় বাধা রাজউক : মেয়র আইভী
লতিফ রানা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম
রাজউকের বিরুদ্ধে অভিযোগ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, পরিকল্পিত নগরী গড়তে আমাদের সবচেয়ে বড় বাধা হলো রাজউক।
তিনি বলেন, নারাণগঞ্জ শহরের ২৪ একর জায়গা রাজউক একোয়ার করেছিল নারাণগঞ্জকে নগরায়ন করে দিবে বলে। বঙ্গবন্ধু রোড এবং কিছু মার্কেট তারা করে দিয়েছিল। এরপর বেশ কিছু জায়গা খালি ছিল।
কিন্তু সে জায়গাগুলো আামদের ফেরত না দিয়ে প্লট করে বিক্রী করেছে। ২০০৩ সালে আমি এই জায়গাগুলো ফেরত চেয়েছিলাম। আমাদের সম্পত্তি আমাদের ফেরত দেয়ার জন্য ২০০৪ সালে মামলা করেছি।
সেই মামলার মাঝখান দিয়ে কিভাবে রাজউক ব্যক্তির কাছে জায়গা বিক্রী করে দেয়? নারায়ণগঞ্জের একজন নির্বাচিত জনপ্রতিনিধি কিভাবে সেই জায়গা বিক্রী দেয়? নারায়ণগঞ্জবাসির কাছে এর বিচার চান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বাসির জন্য কাজ করতে গিয়ে আমাকে মামলার পর মামলা সম্মুখীন হতে হয়েছে। আমার ঠিকাদার ও ইঞ্জিনিয়ারসহ মামলার শিকার হচ্ছে। তিনি বলেন, আমরা মামলায় ভয় পাইনা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।
মেয়র আইভী আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জকে শিশু বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে হবে। কিভাবে গড়ে তুলবো আমরা? আমাদেরতো জায়গা নাই।
যখনি আমরা ডিসি মহোদয়ের কাছে জায়গা চাই যে, এই জায়গাগুলো আছে আমাদের পার্ক করার জন্য দেন, স্কুল করার দেন। আমাদের জায়গা দেয়া হয়না। নদীর ঐপাড়ে বিভিন্ন প্রতিষ্ঠনাকে কিন্তু জায়গা দিয়ে দেয়া হচ্ছে।
নাসিক যখন মানুষের কল্যাণের জন্য কাজ করে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য কাজ করে। তখন আমাদের জায়গা দেয়া হয়না। তিনি বলেন, ১৮ নং ওয়ার্ডের লুহিয়ার মাঠ প্রায় ১০একর জায়গা যা অর্পিত সম্পত্তি।
আমরা বঙ্গবন্ধুর নামে একটি অডিটোরিয়াম কিংবা মেডিক্যাল কলেজ করার জন্য আবেদন করে জানলাম এই জায়গাটা জনৈক ওহাব সাহেবের নিকট বিক্রী করে দিয়েছে।
সেই জায়গার মামলায় নিম্ন আদালতে সরকার পক্ষ হেরে গেলেও উচ্চ আদালতে সরকার পক্ষ জিতে যায়। তখন ডিসিকে অনুরোধ করলাম আমরা মামলা চালাতে চাই। আমাদের সে অথারিটি দেয়া হলোনা।
পরে আমরা কাগজপত্র ঘেটে দেখি নিম্ন আদালতে যে ওহাব জিতেছে সেটার কথা উল্লেখ করা আছে কিন্তু উচ্চ আদালতে যে সরকার পক্ষ জিতেছে সেটার কথা কোথাও উল্লেখ নেই।
তিনি বলেন, সরকারি জায়গা রক্ষা করতে চায় সিটি করপোরেশন আবার সরকারি জায়গা পাবলিকের কাছে চলে যায় ডিসি অফিসের মাধ্যমে। আমি এখনো হাল ছাড়িনি। সেই অর্পিত সম্পত্তি দখল পাওয়ার জন্য আমি পুনরায় দরখাস্ত করেছি। আমরা ছাড় দেবো না।
বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


