বিশুদ্ধ পানি দিতে আরো ২ বছর সময় চাইলেন আইভী
লতিফ রানা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৬:৪৬ পিএম
ওয়াসার পানি ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগ প্রসঙ্গ টেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ২০১৯ সালে নারায়ণগঞ্জের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেন।
তখনই আমি ২/৩বছর সময় চেয়েছি মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ দেয়ার জন্য। মেয়র বলেন, তার জন্মেরও আগে পাঠানটুলির ওয়াসার পানি সংশোধনাগারটি তৈরী করা হয়েছে এবং সেটা সেই অবস্থায়ই আছে। খুব বেশী মেরামত করা হয়নি।
এসময় তিনি বলেন, বিগত পাঁচ বছর আগে বন্দরের সোনাকান্দায় ২০নং ওয়ার্ডে যে পানির ট্রিটমেন্ট প্লান্টটি করা হয়েছে, সেখানে ১ কোটি লিটার পানি সরবরাহ করার কথা থাকলেও সেখানে মাত্র ৫০ লক্ষ লিটার পানি সরবরাহ করা হয়।
কি কারণে এমনটা হচ্ছে জানিনা। জরাজীর্ণ লিকেজ পাইপগুলো মেরামত করা খুই কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, তারপরও আমি সাহস করে দায়িত্ব নিয়েছি যাতে আপনাদের বিশুদ্ধ পানি সরবরাহ করার মাধ্যমে সেবা দিতে পারি।
মেয়র বলেন, এজন্য এডিবি’র একটি প্রজেক্টের পুরো টাকাই আমি পানির প্রজেক্টের জন্য বরাদ্দ করেছি। এখন জরুরী ভিত্তিতে পানি সমস্যা সমাধানে ১০টি গভীর নলকুপ বসানোর উদ্যোগ নিয়েছিলাম।
কিন্তু ‘কোভিড ১৯’ এর কারণে এখন পর্যন্ত ২টি বসানো সম্ভব হয়েছে। বাকীটা টাকার যোগান দিতে পারলেই বাস্তবায়ন করে ফেলবো। ঢাকা ওয়াসার কাছেও আমরা তিনটি নলকুপের জন্য আবেদন করেছিলাম, তারা রাজী হয়েছে। এসময় মেয়র নাগরিকদের প্রতি নিয়মিত পানি বিল পরিশোধ ও অবৈধ লাইনগুলো বৈধ করার জন্য অনুরোধ জানান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাসিকের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব কথা জানান মেয়র আইভী।
মেয়র আইভী বলেন, পানির জন্য শহর, সিদ্ধিরগঞ্জ ও কদমরসুলে চারটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করার পরিকল্পনার উদ্যোগ নিয়েছেন। তিনি গভীর নলকুপ ব্যবহার না করে শীতলক্ষ্যার পানি কিভাবে বিশুদ্ধকরণ করা যায় সে বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।
বাজেট অনুষ্ঠানে নাসিক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


