নাসিকের ৭৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা কাল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৮:৪১ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৭৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন জানান, আগামীকাল ‘মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলী আহম্মদ চুনকা আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নাসিকের নবম বাজেট ঘোষণা করবেন মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।
করোনা পরিস্থিতির দরুণ এবারের বাজেট অনুষ্ঠান সীমিত পরিসরে এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত করা হবে। এবারের বাজেট ঘোষণা উপলক্ষে নগরীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
অষ্টম বাজেটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ২০১৯-২০২০ অর্থবছরে সাড়ে ৮৭০ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭৬ টাকা ঘোষণা করে।
২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালের ২৫ জুন প্রথমবারের মতো ৩০৭ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন মেয়র আইভী। এরপর ২০১৩-২০১৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা।
২০১৪-২০১৫ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট ছিল ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার। ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকার। ২০১৬ সালের ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার পর নাসিকের ষষ্ঠ বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। ২০১৭ সালের ২৩ জুলাই ২০১৭-২০১৮ অর্থবছরে ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ টাকার সপ্তম ঘোষণা করেন তিনি।


