ধর্ষণ-নারী নির্যাতন থেকে উত্তোরণে শিক্ষার্থী মুনার ২০ দফা (ভিডিও)
লতিফ রানা:
প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৩:৫০ পিএম
দেশের অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা থেকে উত্তরণে রাষ্ট্রের করণীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহনে ২০দফা দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা। রোববার (১১ অক্টোবর) দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ দাবিগুলো উপস্থাপন করেন।
এসময় তিনি সংবাদ প্রকাশের মাধ্যমে এই প্রতিবাদের বিষয় দেশের মানুষের কাছে পৌঁছে দেয়ায় সাংবাদিকদের কাছে এবং তার সাথে সংহতি জানানোর জন্য বিভিন্ন পেশা ও শ্রেণি’র মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থী ফারহানা মানিক মুনা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গত সোমবার (৫ অক্টোবর) থেকে প্রথমে এককভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করেন। পরে তার প্রতিবাদের সহিত একাত্বতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সাথে এই প্রতিবাদে অংশগ্রহন করে।
সংবাদ সম্মেলনে মুনা কেবল অবস্থান বা প্রতিবাদই নয়, ধর্ষণ ও নির্যাতন বন্ধে রাষ্ট্রের করণীয় ঠিক করে দেয়া খুবই জরুরি উল্লেখ করে বলেন, এ বিষয়ে তারা একটি দাবিনামা তৈরী করেছে এবং তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনসহ ধর্ষণ বন্ধে যথাযথ ভুমিকা রাখার প্রত্যাশা করেন। নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে দাবিগুলো হলো :
১. নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়েরকৃত অনিষ্পন্ন সকল মামলা ১৮ মাসের মধ্যে শেষ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
২. ধর্ষকের যথাযোগ্য শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ধর্ষণের ঘটনায় মেডিকেল (টেস্টের রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে (এতে করে চার্জশীট দেয়া সহজ হবে)।
৪. ৬৪ জেলায় সক্রিয় 'ভিক্টিম সাপোর্ট সেন্টার স্থাপন করতে হবে। প্রতিটি থানায় নির্যাতনের শিকার নারী ও শিশুর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. পুলিশ, আইনজীবী, বিচারক, জনপ্রতিনিধি, সাংবাদিকদের জন্য লেন্ডার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে।
৬. প্রতি জেলার লিগ্যাল এইড কার্যালয়গুলো সক্রিয় করতে হবে।
৭. প্রতিটি লিগ্যাল এইড কার্যালয়ের হটলাইন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক হটলাইন ১০৯ নম্বরের ব্যাপক প্রচারণার মাধ্যমে সকল শ্রেণি ও পেশার মানুষকে জানাতে হবে।
৮. উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতন বিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ধারা সমূহ ও প্রচলিত প্রথা বিলোপ করতে হবে।
৯. ধর্ষণের শিকার প্রত্যেকের রাষ্ট্রীয় খরচে শারীরিক ও মানসিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রত্যেকের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
১০. তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে।
১১. বাংলাদেশে বসবাসরত সকল জাতি-সত্তা ও সকল ধর্মের নারীদের ওপর সামরিক-বেসামরিক সব ধরনের যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।
১২. সব ধরনের সভা-সমাবেশ ও ধর্মীয় সভায় নারীবিদ্বেষী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
১৩. সাহিত্য, নাটক, সিনেমা বা বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নোগ্রাফি আইন কার্যকর করতে হবে।
১৪. ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫ (৪) ধারা বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
১৫. পাঠ্য-পুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।
১৬. গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা, মামলা করতে নিরুৎসাহিত করা কিংবা সময়ক্ষেপণ করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
১৭. ধর্ষক ও নির্যাতকের মদদদাতাদের খুঁজে বের করে তাদের পরিচয় সকলের সামনে নিয়ে আসা এবং শাস্তির ব্যবস্থা করতে হবে।
১৮. পরীক্ষা-তদন্ত-আসামীদের গ্রেফতার-বিচারকার্যক্রমে কোন অবহেলা ও গাফিলতি থাকলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ও ব্যক্তিবর্গকে বরখাস্ত ও শাস্তির আওতায় আনতে হবে।
১৯. সকল ধরনের লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে যৌণ ও লিঙ্গ বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
২০. চলমান ধর্ষণবিরোধী আন্দোলনসহ সকল ন্যায়সঙ্গত আন্দোলনকারীদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে।
সবশেষে উল্লেখিত দাবিগুলো পূরণ ও বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান মুনা।


