অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা করা যাবে (ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৩:২৩ পিএম
কোন বাড়িওায়ালা মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সেই টাকা ফেরৎ নেয়ার জন্য বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া মামলা করতে পারবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি সিনিয়র এডভোকেট এএমএম একরামুল হক।
এডভোকেট কামুরুল আহসান এর সঞ্চালনায় ও যুগের চিন্তা’র আয়োজনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘আইন জিজ্ঞাসা’ অনুষ্ঠানে তারা আইনের এ সুযোগের কথা উল্লেখ করেন। এই শনিবারের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল বাড়ি ভাড়া আইন এবং বর্তমান প্রেক্ষাপট।
এডভোকেট এএমএম একরামুল হক বলেন, বাড়ি ভাড়া নির্ধারণের নিয়ম হলো কোন বাড়ির বাৎসরিক ভাড়া যেন উহার ঐ বাড়ির মোট মূল্যের ১৫শতাংশের বেশী না হয়। তিনি বলেন, বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে রশিদ ব্যবহারের নিয়ম আছে। তবে রশীদের ব্যবহার না থাকলেও বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে ভাল সম্পর্ক থাকায় কোন সমস্যার সৃষ্টি হয়নি।
ভাড়াটিয়া উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, বাড়ির মালিক যদি মনে করেন যে বড়িটি নির্মাণ কাজের মেরামতের জন্য ভাড়াটিয়াকে উচ্ছেদ করা দরকার। এমন ক্ষেত্রে নির্মাণ কাজ শুরু না করলে ভাড়াটিয়া ঐ বাড়িতে পুনরায় যাওয়ার জন্য বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে।
বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদের উদ্দেশ্যে যদি তার কাছ থেকে টাকা গ্রহন করতে না চায় তাহলে সে ১৫দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে। তারপর ভাড়াটিয়া পোষ্ট অফিসের মাধ্যমে সে ভাড়া পাঠাতে পারবে। পোষ্ট অফিসের টাকাও যদি বাড়িওয়ালা গ্রহন করতে না চায় তাহলে ভাড়াটিয়া ঐ প্রমানসহ মামলা করতে পারবে।
তিনি বলেন, বাড়ি ভাড়া চলাকালে বাড়ির বেশীর ভাগ মেরামতের কাজ কিভাবে হবে তা চুক্তিপত্রে উল্লেখ থাকে। তবে সাধারণত বাড়ির দেয়াল মেরামত বা দেয়ালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া কোন বিদ্যুতের লাইন মেরামতের জন্য বাড়ির মালিকের সহযোগিতা করার দায় আছে। তবে কোন ব্যাক্তির বিরুদ্ধে অপরাধ চিহ্নিত হলে তার ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে।
এসময়
এডভোকেট মো.জহিরুল হক বলেন, আবাসিক বা অনাবাসিক দালান বা দালানের অংশ বিশেষ কাঁচা ঘর তৎসংলগ্ন বাগান উঠান কাচারী ঘর এগুলো সবাই বড়ির আওতায়। তবে কমার্শিয়াল বাড়ির ভাড়াটিয়াকে উচ্ছেদের সময় ৬ মাসের সময় দিতে হয় এবং আবাসিক বাড়ির ক্ষেত্রে ১৫দিনের সময় দিয়ে নোটিশ দিতে হয়।
বাড়িভাড়া সম্পকে বর্তমানে যে আইনটা প্রচলিত আছে তা একটা অর্ডিন্যান্স উল্লেখ করে তিনি বলেন, রেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স ১৯৯১ সালে হয়। তখন থেকে সেটাকেই অনুসরণ করা হয়। এখানে কিভাবে ভাড়া দিতে হবে, ভাড়াটিয়ার কাছ থেকে কত টাকা নিতে হবে, ভাড়াটিয়াকে কিভাবে ডি-ফল্ট করতে হবে ও বাড়িওয়ালার প্রয়োজনে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে। এগুলোকে উল্লেখ করা আছে। তিনি মনে করেন ভাড়া নির্ধারণের নিয়ম অনুযায়ী এখন বাড়ি ভাড়া এখন কম থাকে তাই এইসব নিয়ে মামলা হয়না।
তিনি বলেন, ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য জায়গাটা যদি বাড়ি ওয়ালার প্রয়োজন হয়, কিংবা ভাড়াটিয়া তার চুক্তিপত্র অনুযায়ী ভাড়া প্রদান না করে, অথবা কোন ভাড়াটিয়া যদি অন্য ভাড়াটিয়াকে বিরক্ত করলে। তাহলে তাকে উচ্ছেদের ১৫দিন আগে একটি নোটিশ দিতে হবে যে, সে আগামী মাসের এক তারিখে তাকে চলে যেতে হবে। নোটিশ হাতে পাওয়ার পর ১৫ দিন ভাড়টিয়া সময় পাবে।
কোন মালিক বাড়ি বিক্রী করার সময় ভাড়াটিয়াকে বলে দিতে হবে, যে এখন থেকে বাড়ির মালিক অন্যজন। আবার কোন বাড়ি ক্রয়ের করলে কেই ইচ্ছা করলেই নতুন মালিক পুরানো ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেনা। তিনি বলেন, উপ-ভাড়াটিয়ার কাছে বাড়িওয়ালার কোন দায় নেই।
বাড়ির মালিক যদি উপ-ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া সরাসরি গ্রহন করে তাহলে সেই বাড়িওয়ালার কাছে উপ ভাড়াটিয়াকে ভাড়াটিয়া হিসেবে গ্রহন করা হবে। প্রতি মাসের ভাড়া পরের মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এবং মানসম্মত ভাড়ার অতিরিক্ত যদি কেউ আদায় করে সেই টাকা ফেরৎ নেয়ার জন্য ভাড়াটিয়া মামলা করতে পারবে।
বাড়ি তৈরী করার সময় যদি কেউ জায়গা না রাখে অন্য বাড়ির দড়জা জানালা খুলতে সমস্যা হয় তবে সেই বাড়িওয়ালা অন্য বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করতে পারবে। তিনি বলেন, দেয়াল বা স্থায়ী কিছু নষ্ট হলে তা মেরামতের দায়িত্ব অবশ্যই বাড়িওয়ালার।
করোনাকালীন বাড়ি ভাড়া কমানোর বিষয়ে তিনি বলেন, এই অবস্থায় তারা বিদ্যুৎবিল, গ্যাস বিল, পানির বিল কিন্তু কমা নেয়া হয়না। তাই করোনা ভাইরাসের কারণে অনেক ভাড়াটিয়া ঠিকমতো ভাড়া দিতে পারছেনা এটা যেমন সত্যি তাতে বাড়িওয়ালারও সমস্যা হচেছ এটাও বুঝতে হবে। সুতরাং সে ভাড়া কম নিতে বাধ্য নয়। কোন কোন বাড়িওয়ালাকেও আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরী করতে হয়। তবে যদি বাড়িওয়ালার সামর্থ থাকলে সে ইচ্ছে করলে কম নিতে পারবে।


